২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলহাজ-তনয় হত্যা: তদন্ত প্রতিবেদন ফের পেছাল

রাজধানীর কলাবাগানে জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে হত্যার অভিযোগে করা হত্যা ও অস্ত্র আইনের মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে আবারও ব্যর্থ হয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2018, 07:00 PM

Updated : 19 Aug 2022, 01:45 PM

বৃহস্পতিবার নির্ধারিত দিনে প্রতিবেদন জমা না পড়ায় ঢাকার মহানগর হাকিম মাহমুদা আক্তার প্রতিবেদন দাখিলের জন্য ১৫ এপ্রিল নতুন দিন ঠিক করে দিয়েছেন।

এ নিয়ে আলোচিত এ মামলায় প্রতিবেদন জমার জন্য ২২টি তারিখ পেরিয়ে গেল বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আদালত পুলিশের এসআই নূরুল ইসলাম।

মামলা দুটির মধ্যে হত্যা মামলাটির তদন্ত করছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক  বাহাউদ্দিন ফারুকী এবং অস্ত্র মামলার তদন্ত করছেন একই তদন্ত সংস্থার পুলিশ পরিদর্শক নুরুল আফসার।

২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে প্রবেশ করে জুলহাজ ও তার বন্ধু তনয়কে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ড জঙ্গিরা ঘটিয়েছে বলে পুলিশের ধারণা।

সমকামী অধিকারকর্মী জুলহাজ কাজ করতেন ইউএসএইডে। আর তনয় নাট্য সংগঠন লোক নাট্যদলের শিশু সংগঠন ‘পিপলস থিয়েটার’ এ জড়িত ছিলেন।