ঘুরে দাঁড়ানোর রসদের অপেক্ষায় পোড়া বস্তির বাসিন্দারা
অগ্নিকাণ্ডের তিনদিন পেরিয়ে গেলেও সরকার থেকে বরাদ্দ চাল এবং টাকা- কিছুই পাননি মিরপুরের ইলিয়াস মোল্লা বস্তির ক্ষতিগ্রস্ত বাসিন্দারা।
সহায়-সম্বল হারিয়ে দিশেহারা এখানকার বাসিন্দারা প্রতিদিনই অপেক্ষায় থাকেন সাহায্যের আশায়। সাংবাদিক, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কেউ এলেই ছুটে যাচ্ছেন তাদের কাছে। কিন্তু কিছুই না মেলায় ক্ষুব্ধ হয়ে উঠছেন অনেকেই।
বস্তিতে ক্ষতিগ্রস্তদের দেখতে এসে মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ১০০ টন চাল ও ১০ লাখ টাকা সরকারের পক্ষ থেকে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন।
বৃহস্পতিবার বস্তিতে গিয়ে দেখা যায়, পোড়া ধ্বংসস্তুপের মধ্যেই বাঁশ, টিন, ত্রিপল দিয়ে অস্থায়ীভাবে মাথা গোঁজার ঠাই করেছেন অনেকেই। ক্ষতিগ্রস্ত বস্তিবাসীরা জানান তাদের দুর্দশার কথা।
নিজের পোড়া ঘরেই বাঁশ আর টিন দিয়ে কোনো রকমে থাকছেন সুমি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই যে মানুষ আইতাছে, কেউ দেয় না, খালি প্রশ্নের পর প্রশ্ন। তিনটা দিনে কেউ একটা টাকা দিয়া সাহায্য করে নাই। যেই কাপড়ে বাইর হইছি, তিনটা দিন ধইরা সেই কাপড়েই।”
সেদিনের আগুনে জমানো ২১ হাজার টাকা খুইয়েছেন বিস্কুট বিক্রেতা মো. ইয়াকুব।
নিজেদের দুর্দশা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, “আমাদের অবস্থা তো রোহিঙ্গাদের চাইয়া খারাপ। ওরা তো কিছু জিনিসপত্র নিয়া আইতে পারছিল। কিন্তু আমরা তো পরনের কাপড়টা ছাড়া কিচ্ছু নিয়া বাইর হইতে পারি নাই। বিস্কুট বেইচা যা জমাইছি, সব শ্যাষ। আগুনে গইলা গেছে কয়েন।”
নিম্ন আয়ের মানুষের মাথাগোঁজার ঠাঁই এই বস্তির অনেক শিক্ষার্থীর মূল্যবান কাগজপত্র-বইখাতা গ্রাস করেছে আগুন।
বস্তিতে নয়বছর ধরে বসবাস করা নূপুর ইসলাম জানান, ঘরের মালামালসহ মেয়ের বিয়ের জন্য জমানো টাকা ও তার দুই ছেলেমেয়ের পঞ্চম ও অষ্টম শ্রেণির সনদ পুড়ে গেছে আগুনে।
বাড়ি থেকে টাকা এনে ত্রিপল টানিয়ে ছেলেমেয়েদের নিয়ে কোনোরকমে মাথা গুঁজে আছেন তিনি।
পোড়া ঘরে চাদর টানিয়ে রান্না করছিলেন নাজমা আক্তার। আগুন কেড়ে নিয়েছে তার জীবিকার একমাত্র সম্বল সেলাই মেশিন।
সেদিনের ঘটনা বর্ণনা করে বলে বলেন, “ছেলেমেয়েদের নিয়া বের হমু নাকি জিনিসপত্র নিমু? ছেলে, স্বামীর বেতনের টাকা- আরও কিছু জামানো টাকা মোট ৬০ হাজার টাকা ছিল এই ঘরে। যাদের দ্যাশে বাড়িঘর আছে, তারা তো দ্যাশে গিয়া থাকতে পারে। আমাদের তো তাও নাই। কি খামু, কেমনে থাকমু?
“সরকার সহযোগিতা করলে করবে, আর না করলে তো কিছু করার নাই। বাচ্চাকাচ্চা নিয়া তো কইরা খাইতে হবে।”
মাসের ১০ তারিখে বেতন পেয়ে পুরো মাসের বাজার করে রেখেছিলেন ডাব বিক্রেতা ইউনুস।
অগ্নিকান্ডের তদন্ত দাবি
বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত মানুষদের দেখতে এসেছিলেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি।
তিনি সাংবাদিকদের বলেন, “ঢাকা শহরে বস্তিগুলোতে আগুন লাগে, কিন্তু আগুন কেন লাগে- তা তদন্ত করে বের করা দরকার।
“বস্তিতে আগুন লাগা নতুন ঘটনা নয়। এখানে যারা বসবাস করেন তারা সবাই শ্রমজীবী মানুষ, তারাই ঢাকা শহর চালনা করেন। কাজেই তারা কীভাবে ভালভাবে বসবাস করতে পারেন, সেই ব্যবস্থাও করে দিতে হবে।”
শুধু খাবার দিয়ে নয়, তাদের স্থায়ীভাবে পুনর্বাসনের দাবি জানান তিনি।
বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজও এসেছিলেন বস্তিবাসীদের দেখতে।
