২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেউ নিঃস্ব আগুনে, কেউ লুটপাটে

সাড়ে তিন ঘণ্টার আগ্রাসী আগুন মিরপুরের ইলিয়াস মোল্লা বস্তির কয়েক হাজার মানুষকে নিঃস্ব করে দিয়ে গেছে। ভোরে আগুন লাগার পর ঘুম থেকে জেগে কোনোমতে প্রাণটা নিয়ে বাঁচতে পারলেও খুব কম মানুষই টাকা, মালামাল রক্ষা করতে পেরেছেন।

ফয়সাল আতিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2018, 06:11 PM

Updated : 11 Oct 2022, 12:11 PM

পুরনো খবর:

হাজারো ঘর পুড়িয়ে থামল মিরপুর বস্তির আগুন

আগুনে নিঃস্বদের আহাজারির মধ্যেই অনেকে আবার ঘরের মালামাল হারিয়েছেন লুটেরাদের হাতে। আগুন আতঙ্কে ঘর থেকে বেরিয়ে জীবন রক্ষা করতে পারলেও লুটপাটের কারণে পথে বসেছেন অনেকেই।

সোমবার ভোর ৪টার দিকে বস্তিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় যখন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে বস্তির সাড়ে চার হাজারের বেশি বসতঘর ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের হিসাবে আগুনে বস্তির ৫০ থেকে ৫৫ শতাংশ ঘরই পুড়ে গেছে। 

সকালে আগুন নিয়ন্ত্রণে আসার পর কথা হয় ক্ষতিগ্রস্ত বস্তিবাসী কয়েকজনের সঙ্গে। তাদের একজন রিকশাচালক শাজাহান সাবের, ভয়াবহ আগুন যাকে নিঃস্ব করে দিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে তিনি জানান, রাত ১২টার দিকে পাশে বালুর মাঠের গ্যারেজে রিকশা রেখে ঘুমাতে যান। কিছুক্ষণ পর আগুন আগুন চিৎকার শুনলেও ক্লান্তিতে বিছানা থেকে উঠতে পারছিলেন না।

“সবাই আমাকে রেখে বেরিয়ে যাচ্ছিল। অল্পের জন্য বেঁচে গেছি।”

কোনো রকমকে নিজেকে রক্ষা করতে পারলেও ঘরের কোনো আসবাবপত্রই রক্ষা করতে পারেননি সাবের। বিছানার তোষকের নিচে থাকা ১০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান তিনি।

বস্তির দক্ষিণ পাশে পল্লবী অংশের দিকে দেখিয়ে মুন্না নামের এক বস্তিবাসী বলেন, দক্ষিণ দিকে আগুন লাগায় বাতাসে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

সকাল ১১টার দিকে যখন মুন্না ও তার ভগ্নিপতি গিয়াসের সঙ্গে কথা হয়, তখনও তাদের পোড়া ঘর থেকে ধোঁয়া উড়ছিল। সিরামিকের তৈজস, লেপ-তোষক, হাড়ি পাতিল সব পুড়ে কুঁকড়ে গেছে।

নিজের পুড়ে যাওয়া ঘরের সামনে দাঁড়িয়ে মুন্না বলেন, “আমার যখন ঘুম ভাঙে তখনও আগুন ১০০ গজ দক্ষিণে। কিন্তু কিছু বুঝে উঠার আগেই তা গায়ের কাছে চলে আসে। কিচ্ছু রক্ষা করতে পারি নাই। চাল, ডাল, পাখা, টিভি, ফ্রিজ সব পুড়ে অঙ্গার হয়ে গেছে।”

বস্তির ভেতরেই রয়েছে ছোটখাটো মুদি দোকান। এসব দোকানের মালামালও পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত গিয়াস উদ্দিন ১২ বছর আগে বিয়ে করে এখানে সংসার পেতেছিলেন। পাশে একটি ফ্লেক্সিলোডের দোকান চালাতেন তিনি। বিকাশ ও ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিংয়ের এজেন্টও তিনি। ব্যবসা থেকে যে আয় হত তা দিয়ে পরিবারের ৫ সদস্য নিয়ে সুখেই ছিলেন।

“বস্তি হলেও এখানে অনেক ভালো ছিলাম। আগুনে আমার প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।”

আবদুল গণি নামের এক তরুণ বলেন, তিনি পাঁচ হাজার টাকার একটা কক্ষে স্ত্রীকে নিয়ে থাকতেন। পাঁচ বছরের সংসারে ফ্রিজ, এলইডি টিভিসহ বেশ আসবাবপত্র জুগিয়েছিলেন তিনি। কিন্তু আগুন থেকে কোনোরকমে শুধু প্রাণটা বাঁচাতে পেরেছেন।

“আমার ঘরে আসবাবপত্র বেশি ছিল। প্রায় তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কোনো রকমে জীবনটা রক্ষা করেছি,” বলেন গণি।

সহায়-সম্বল হারিয়ে বস্তিবাসীদের অনেকেই রোকেয়া সরণী পাশে নির্মাণাধীন মোল্লা মার্কেটের নিচ তলায় অবস্থান নিয়েছেন। তাদের কেউ কেউ দুচারটি থালাবাসন রক্ষা করতে পেরেছেন।

এদিকে আগুন লাগার পর বস্তিবাসী অনেকেই আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসেছিলেন। সেই সুযোগে অনেকের ঘর থেকে মালামাল লুট হয়েছে বলে অভিযোগ উঠেছে।

দুপুরে নিজের ঘরের পাশে দাঁড়িয়ে আছিয়া নামের এক গৃহবধূ বলেন, আগুনের খবর পেয়ে ঘরে তালা দিয়ে দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বেরিয়ে এসেছিলেন। আগুন অনেক দূরে থাকতেই ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, পানি ঢালতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তার ঘরের বেড়া কেটেছেন। আগুনের আঁর তার ঘরে না লাগলেও ফিরে এসে কোনো আসবাবপত্র পাননি তিনি।

বিলাপ করতে করতে পাইওনিয়র অ্যাপারেলের কর্মী আছিয়া বলেন, গত ৮ তারিখেই তিনি বেতন পেয়েছিলেন। তার স্বামীর বেতনসহ মোট ২০ হাজার টাকা ছিল বিছানার নিচে। বিছানাটা ঠিক থাকলেও টাকাগুলো নেই। ঘরের কোনো মূল্যবান আসবাপত্রই নেই।

আছিয়ার ঘরের পাশে আরও কয়েকটি ঘরের বেড়া কেটে পানি ঢেলেছে দমকলকর্মীরা। এসব ঘরের কোনোটিরই জিনিসপত্র আর অক্ষুন্ন নেই।

স্থানীয় সংসদ সদস্য ইলিয়াছ উদ্দিন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কীভাবে আগুনের সূত্রপাত তা এখনও ধারণা করা যাচ্ছে না।

“আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্বেচ্ছাসেবক নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছি। তাদের খাওয়ার ব্যবস্থা করেছি। নারী-পুরুষের জন্য আপাতত থাকার ব্যবস্থা করেছি একটি সাততলা ভবনে।”