২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাসানাত আবদুল্লাহকে মন্ত্রীর মর্যাদা

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহকে মন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2018, 09:14 PM

Updated : 19 Aug 2022, 01:43 PM

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাতকে ওই কমিটির আহ্বায়ক হিসেবে মন্ত্রীর পদমর্যাদা দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আদেশে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে সম্পাদিত চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া পরিবীক্ষণ করার লক্ষ্যে গঠিত চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ এ পদে অধিষ্ঠিত থাকাকালীন মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষাঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

আগের কমিটি পুনর্গঠন করে গত জানুয়ারি মাসে আবুল হাসানাতকে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক হিসেবে নিয়োগ দেয় সরকার।

২০০৯ সালের ২৫ মে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে আহ্বায়ক করে তিন সদস্যের শান্তিচুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া পরিবীক্ষণ কমিটি করে সরকার। ওই সময় সংসদ উপনেতা হিসেবে সাজেদা চৌধুরী মন্ত্রীর মর্যাদায় ওই কমিটিতে ছিলেন।

১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য জনসংহতি সমিতির সঙ্গে তৎকালীন আওয়ামী লীগ সরকারের মধ্যে পার্বত্য শান্তি চুক্তি হয়।

তখন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন আবুল হাসানাত আব্দুল্লাহ; সরকারের পক্ষে তিনি চুক্তিপত্রে সই করেন।

বরিশালের সংসদ সদস্য হাসানাত আবদুল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাত ভাই।

পুরনো খবর:

পার্বত্য চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণের নেতৃত্বে হাসানাত আবদুল্লাহ