২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসিকের বাচ্চুকে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ দুদকে

দুর্নীতি দমন কমিশনে সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়েই চলে গেছেন বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2018, 08:08 PM

Updated : 19 Aug 2022, 01:43 PM

সাড়ে তিন হাজার কোটি টাকা ঋণ কেলেঙ্কারির ঘটনায় অভিযোগের মুখে থাকা বাচ্চুকে বৃহস্পতিবার চতুর্থ দফায় জিজ্ঞাসাবাদ করেন দুদকের তদন্তকারীরা।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানান, কমিশনের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় এই জিজ্ঞাসাবাদ শুরু হয়, চলে বিকাল পৌনে ৫টা পর্যন্ত।

বিকালে বেরিয়ে যাওয়ার সময় সংবাদিকরা বাচ্চুর সঙ্গে কথা বলতে চাইলে তিনি ‘নো কমেন্টস’ বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

দুপুরে বিভিন্ন টেলিভিশনে বলা হয়, দীর্ঘ জিজ্ঞাসাবাদে বাচ্চু অসুস্থ হয়ে পড়েছেন। বেরিয়ে যাওয়ার সময় এ বিষয়ে জানতে চাইলে বাচ্চু বলেন, জিজ্ঞাসাবাদে নয়, তিনি আগে থেকেই অসুস্থ।

জিজ্ঞাসাবাদের নামে দুদক ‘হয়রানি’ করেছে কিনা- এ প্রশ্নে বাচ্চু বলেন, “এটা দুদককে জিজ্ঞাসা করেন”।

গত ৪ ডিসেম্বর প্রথম দফায় জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় পার্টির সাবেক এই এমপি বলেছিলেন, নিজেকে তিনি দোষী মনে করেন না।

বেসিক ব্যাংকের দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টের কয়েক দফা পর্যবেক্ষণ আসার পর সম্প্রতি বাচ্চুকে জিজ্ঞাসাবাদের উদ্যোগ নেয় দুদক।

প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাটের ঘটনায় ২০১৫ সালের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর তিন দিনে টানা ৫৬টি মামলা করেন দুদকের অনুসন্ধান দলের সদস্যরা। রাজধানীর মতিঝিল, পল্টন ও গুলশান থানায় এসব মামলায় আসামি করা হয় ১৫৬ জনকে।

জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আব্দুল হাই বাচ্চুকে ২০০৯ সালে বেসিক ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয় সরকার। ২০১২ সালে তার নিয়োগ নবায়নও হয়।

কিন্তু ঋণ কেলেঙ্কারির অভিযোগ উঠলে ২০১৪ সালে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামকে অপসারণ করার পর চাপের মুখে থাকা আব্দুল হাই বাচ্চু পদত্যাগ করেন।