২০ বছর কারাবাসের পর নারী দিবসে জামিন
দীর্ঘ কারাভোগ বিবেচনায় নিয়ে যাবজ্জীবন সাজায় দণ্ডিত এক নারীকে জামিন দিয়েছে হাই কোর্ট; যিনি কারাগারে আছেন প্রায় ২০ বছর ধরে।
মনোয়ারা বেগম নামের ওই নারীকে আদালত শুধু জামিনই দেয়নি, কারাগার থেকে বের হওয়ার পর যদি তিনি আত্মীয়-স্বজনের খোঁজ না পান, তাহলে তাকে সামাজিকভাবে পুর্নবাসনেরও নির্দেশ দেওয়া হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক এবং সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তাকে এ নির্দেশ দিয়েছে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ।
সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ওই নারীর দীর্ঘ কারাভোগের বিষয়টি আদালতের নজরে আনার পাশাপাশি তার পক্ষে জামিন আবেদন করেন।
সে আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার হাই কোর্ট আদেশ দেয়। আদেশে আন্তর্জাতিক নারী দিবসের প্রসঙ্গও আসে।
হাই কোর্টে আবেদনটি করেন সুপ্রিম কোর্টর আইনজীবী ফজলুর রহমান। শুনানি করেন আইনজীবী মো. শফিউল্লাহ।
মামলার নথিতে বলা হয়েছে, কক্সবাজারের রামু উপজেলার পূর্ব ধেচুয়া এলাকার ইসমাইলের স্ত্রী মনোয়ারা বেগম ১৯৯৮ সালের ১৪ জুন কক্সবাজার সদর উপজেলার ঝিলাংজা এলাকায় মো. আবুল কালামের বাড়িতে গিয়ে বলেন, কক্সবাজারে তিনি তার খালার বাসায় এসেছিলেন কিন্তু তিনি বাড়ি খুঁজে পানিনি। তাকে যেন রাতটি থাকার জন্য আশ্রয় দেওয়া হয়।
পরদিন সকালে কালামের মেয়ে রাজিয়া আক্তার (৮) স্কুলে যাওয়ার সময় মনোয়ারাও ওই বাড়ি থেকে বিদায় নেন। কিন্তু দুপুরে রাজিয়া সময়মত স্কুল থেকে না ফেরায় খোঁজাখুজি শুরু হয়।
মেয়েকে না পেয়ে কক্সবাজার থানায় সাধারণ ডায়েরি করেন আবুল কালাম। দুদিন পর মোক্তার আহমেদ নামের এক ব্যক্তির কাছ থেকে তিনি জানতে পারেন রাজিয়াকে অপহরণের সন্দেহে চান্দ গাঁও থানার কর্ণফুলী ব্রিজের কাছে টোল প্লাজার সামনে থেকে মনোয়ারা বেগমকে আটক করেছে পুলিশ।
পরে এই ঘটনায় মামলা হয় এবং ২০০১ সালের ২৭ নভেম্বর কক্সবাজারের বিচারিক আদালত মনোয়ারাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
বৃহস্পতিবার হাই কোর্টে জামিন আবেদনের শুনানিতে আইনজীবী শফিউল্লাহ বলেন, “মনোয়ারা বেগম অসচ্ছল, দরিদ্র। বিচারিক আদালতের রায়ের পর আইনগত সুবিধা পেতে তিনি তার পক্ষে কোনো আইনজীবী নিয়োগ দিতে পারেননি।”
আদালত তখন মনোয়ারা বেগমের বয়স জানতে চাইলে আইনজীবী শফিউল্লাহ বলেন, তখন ২৫ ছিল, এখন ৪৫ বছর।
আদালত তখন জানতে চান, বাবা, মা বা আত্মীয় স্বজন কেউ আছে কি না। তিনি বিবাহিত কি না। জামিন দিলে তিনি কোথায় যাবেন।
আইনজীবী বলেন, ঘর বাড়ি থাকলেও দারিদ্র্যের কারণে স্বজনদের সঙ্গে যোগাযোগ নেই মনোয়ারার।
পরে বিচারক বলেন, “আজ তো নারী দিবস। তার দীর্ঘ কারাবাসের কথা বিবেচনায় নিয়ে তাকে জামিন দিলাম।”
আর জামিনে মুক্তির পর মনোয়ারা যদি মনে করেন যে তার সামাজিক পুর্নবাসন দরকার, তাহলে কক্সবাজারের জেলা প্রশাসক ও সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তাকে সে বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেন বিচারক।
তিনি বলেন, “এ রকম যারা দীর্ঘ কারাভোগ করছেন, তাদের মুক্তির পর যদি সামাজিক পুর্নবাসন দরকার হয়, তাহলে সরকার সেটা করবে বলে পর্যবেক্ষণ দিচ্ছি।”
আদালতের এ আদেশ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আইন সচিব ও সমাজকল্যাণ সচিব বরাবরেও পাঠাতে বলা হয়েছে।
