এতিমখানা দুর্নীতি: সালিমুল হক কামালের আপিল শুনানির জন্য গ্রহণ
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডদেশপ্রাপ্ত মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামালের আপিল হাই কোর্ট শুনানির জন্য গ্রহণ করে নিম্ন আদালতের দেওয়া অর্থদণ্ড স্থগিত করেছে।
আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।
হাই কোর্টে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আসামি পক্ষে ছিলেন শাহ মনজুরুল হক।
সালিমুল হকের অন্যতম আইনজীবী পলাশ চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, “রায়ের বিরুদ্ধে সালিমুল হক কামালের আপিলটি শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। এখন আমরা জামিনের আবেদন করব।”
খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের সঙ্গেই কামালের আপিলের শুনানি হবে বলে আদেশ দিয়েছে আদালত।
গত ৮ ফেব্রুয়ারি এ মামরার রায়ে পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার আইনজীবীরা ২০ ফেব্রুয়ারি হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করেন। পরে ২২ ফেব্রুয়ারি খালেদার আপিল শুনানির জন্য গ্রহণ করে আদালত খালেদার অর্থদণ্ড স্থগিত করে বিচারিক আদালতের নথি তলব করে।
কাজী সালিমুল হক কামাল
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলার রায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে এ মামলার আসামিদের বিরুদ্ধে।
