সাজার বিরুদ্ধে আপিল করেছেন ‘ইকোনো কামাল’
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় ১০ বছরের সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল।
মঙ্গলবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে আপিল দায়ের করেন আইনজীবী পলাশ চন্দ্র রায়।
জিকিউ বলপেন (ইকোনো) কোম্পানির মালিক সালিমুল হক ‘ইকোনো কামাল’ নামেও পরিচিত।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলার রায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছর, খালেদা জিয়ার বড় ছেলে ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও করা হয়।
সাজা ঘোষণার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।
রায়ের ১২ দিন পর গত ২০ ফেব্রুয়ারি বিকালে খালেদা জিয়ার আইনজীবীরা তার পক্ষে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করেন।
ওই দিনই আইনজীবীরা আদালতে খালেদার আপিলটি উপস্থাপন করেন। পরে ২২ ফেব্রুয়ারি খালেদার আপিল শুনানির জন্য গ্রহণ করে আদালত খালেদার অর্থদণ্ড স্থগিত করে বিচারিক আদালতের নথি তলব করে।
আদেশর অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে মামলার নথি পাঠাতে বলা হয় আদেশে। এরপর ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি হলেও আদালত আদেশে বলে, বিচারিক আদালতের নথি পৌঁছার পর জামিন বিষয়ে আদেশ দেওয়া হবে। এখনও বিচারকি আদালতের সে নথি উচ্চ আদালতে পৌঁছায়নি।
জিয়া এতিমখানা ট্রাস্টে এতিমদের জন্য বিদেশ থেকে আসা অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এই মামলা করে দুদক।
তদন্ত শেষে ২০০৯ সালের ৫ অগাস্ট আদালতে অভিযোগপত্র দেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুনুর রশিদ।
অভিযোগে বলা হয়, এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করেছেন এ মামলার আসামিরা।
