২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবতার মঙ্গল প্রত্যাশায় শুরু সুফি উৎসব

অসাম্প্রদায়িক চেতনার চর্চার মাধ্যমে মানবতার মঙ্গল প্রত্যাশায় শুরু হয়েছে আন্তর্জাতিক সুফি উৎসব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2018, 07:03 PM

Updated : 11 Oct 2022, 12:08 PM

শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমির চত্বরে তিনদিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “অশুভ শক্তিকে দমাতে সুফিবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুফি উৎসবে একটা বোধের তৈরি হবে- আমরা একে অন্যের পাশে দাঁড়াব।”

শিল্পকলার নন্দন মঞ্চে আল্লামা রুমি ফাউন্ডেশন ও হাটখোলা ফাউন্ডেশন যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে।

সুফিবাদে মানবতাবাদী ও অসাম্প্রদায়িক চিন্তার প্রকাশ ঘটে উল্লেখ করে সংস্কৃতিমন্ত্রী নূর বলেন, “সব ধর্মকে সম্মান দেওয়ার, সব ধর্মকে সহাবস্থান দেওয়ার মতো গ্রহণযোগ্যতা তৈরির বাণী প্রচার করে এটি।”

হাজার বছর ধরে সব ধর্মের বাঙালিরা সুফিবাদের মতো শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে বসবাস করে আসছে মন্তব্য করে সংস্কৃতিমন্ত্রী বলেন, এখানে সব ধর্মের মানুষ রয়েছে; নানান ভাষা ও সংস্কৃতির মানুষ। হাজার বছর ধরে বাস করছি, সম্প্রীতির মধ্য দিয়ে। লালন, রাধারমন, হাসন রাজা, শাহ আবদুল করিম- সবার মধ্যে সেই মানবতাবাদী চিন্তাই ছিল।”

ইসলামের মর্মবাণীও শান্তির কথাই বলে উল্লেখ করে তিনি বলেন, “আল্লাহ কোরআন শরীফের কোথাও বলেননি, আমি মুসলমানদের প্রভু। বলেছেন, আমি বিশ্ব মানতার প্রভু, আমি বিশ্বাসীদের প্রভু।”

কিন্তু ইসলামের নামে যারা হলি আর্টিজানের মতো হামলার ঘটনা ঘটায় ‘তারা অমানুষ’ উল্লেখ করে মন্ত্রী বলেন, “ইতালির নাগরিক গর্ভবতী নারী ছিল সেখানে। তারা তাকেও অব্যাহতি দেয়নি। কী অপরাধ ছিল ওই মায়ের, ওই পেটের শিশুর?

“কুড়িটা মানুষের ছিন্নভিন্ন লাশ পড়ে আছে। তারা চা-কফি খাচ্ছে। বাবুর্চিকে বলছে, টমেটো-মাংস রান্না করো। আমরা রাতের খাবার খাব। কতোটা মানুষ হলে এটা করতে পারে... এরা অমানুষ। পশুর সঙ্গে এদের তুলনা চলে না।“

অনুষ্ঠানে ঢাকায় ইরানের রাষ্ট্রদূত আব্বাস বেইজি দেহনবি বলেন, “ধর্মীয় মর্মবাণীর চর্চা প্রত্যেক মানুষের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু সেই মর্মবাণীর অপব্যাখ্যা হলে সেটা সব ধর্মের জন্যই ভয়ঙ্কর। তার ফলে সৃষ্টি হয় ইসলামিক স্টেটের মতো জঙ্গিবাদী গোষ্ঠীর।”

এর বিপরীতে সুফিবাদ শান্তির বারতা নিয়ে হাজির হয় উল্লেখ করে তিনি বলেন, “প্রত্যেক ধর্মের মূল বাণীই হচ্ছে, তুমি যদি প্রভুকে ভালোবাসো, তাহলে তোমাকে সব মানুষ ও প্রাণীকুলকে ভালোবাসতে হবে। সুফিবাদ সেই ভালোবাসার বাণীকে ছড়ানোর কাজ করে।”

তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক বলেন, “ইসলাম শান্তির ধর্ম। সেই শান্তির সবচেয়ে উন্নততর ব্যাখ্যা হচ্ছে সুফিবাদ। সুফিবাদের চর্চা বিশ্বব্যাপী ইসলামের নামে সংঘাতের পথ বন্ধ করতে পারে।”

আল্লামা রুমি ফাউন্ডেশনের সভাপতি প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবদুল করিম বলেন, “বাংলাদেশের ৮৫ ভাগ মানুষ মুসলিম হলেও তারা হাজার বছর ধরে অসাম্প্রদায়িক চেতনাই বেড়ে উঠেছে। তারা হিজাব পড়লেও ভোটের সময় দুইজন নারীকেই বেছে নেয়।

“উদার মুসলিম দেশটিতে যারা সন্ত্রাস ও উগ্রবাদের চর্চা করে তাদের সংখ্যা নগণ্য এবং তারা সমাজ বিচ্ছিন্ন।”

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, “সুফিবাদের মূল কথাটি হচ্ছে- ভালোকে গ্রহণ করা ও মন্দকে পরিহার করা। লালন ফকিরের মতো সাধকরা সেই মর্মবাণীকে গানে গানে ছড়িয়ে দিয়েছেন মানুষের মাঝে।”

সংস্কৃতি সচিব ইব্রাহীম হোসেন খানের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উৎসব আয়োজক কমিটির সদস্য সচিব ইউসুফ মোহাম্মদ বক্তব্য দেন।

উদ্বোধনের পর সন্ধ্যায় মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর পাশাপাশি শিল্পী সফি মণ্ডল, সমির কাওয়াল, রাফাত ও পারভেজ সুফি সঙ্গীত পরিবেশন করেন। প্রথম দিনের শেষভাগে সুফি গান পরিবেশন করে ভারতীয় দল ‘সুফি বাওড়া’।

আয়োজকরা জানান, তিনদিনের এই আয়োজনে ১১৯জন সুফি গানের শিল্পী এবং বিদেশি পাঁচটি ব্যান্ড গান পরিবেশন করবে।

শিল্পকলার বিভিন্ন মিলনাতয়নে সেমিনারসহ বিভিন্ন আয়োজনের পাশাপাশি প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত নন্দন মঞ্চে সঙ্গীত পরিবেশনা চলবে।