২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজে যেতে চূড়ান্ত নিবন্ধন করতে পারবেন যারা

প্রাক-নিবন্ধনকারীদের মধ্য থেকে চলতি বছর হজে যেতে কোন ক্রমিক নম্বর পর্যন্ত চূড়ান্ত নিবন্ধন করতে পারবেন তা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2018, 09:26 PM

Updated : 19 Aug 2022, 01:38 PM

সরকারি ব্যবস্থাপনায় ১৬০৭৩ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৫২২৯২ ক্রমিক নম্বর পর্যন্ত চূড়ান্ত নিবন্ধন করতে পারবেন বলে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

হজে যাওয়ার পদ্ধতি ডিজিটালাইজড হওয়ায় হজে যাওয়ার আগে অনলাইনে প্রাক-নিবন্ধন বাধ্যতামূলক। সৌদি আরবের কোটা অনুযায়ী প্রাক-নিবন্ধনকারীদের মধ্য থেকে হজে যেতে চূড়ান্ত নিবন্ধনের সুযোগ দেওয়া হয়।

নির্ধারিত ক্রমিকের মধ্যে থেকেও যারা চূড়ান্ত নিবন্ধন করবেন না তাদের পরবর্তী কার্যক্রম জাতীয় হজ ও ওমরাহ নীতির ৩.১.৯ অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

হজ ও ওমরাহ নীতির ৩.১.৯ অনুচ্ছেদে বলা আছে, হজযাত্রীদের তালিকার মধ্যে যারা ঘোষিত সময়ে নিবন্ধনে ব্যর্থ হবেন তাদের প্রাক-নিবন্ধন পরবর্তী এক বছর পর্যন্ত বলবৎ থাকবে।

হজ প্যাকেজ ঘোষণার পর চূড়ান্ত নিবন্ধন করতে হবে প্রাক-নিবন্ধনকারীদের। আগামী মন্ত্রিসভা বৈঠকে হজ প্যাকেজ অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী, বাংলাদেশ থেকে এবার এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন।

২০১৭ সালে সরকারি ব্যবস্থাপনায় ৯২০৩ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২২৭৫৬৫ ক্রমিক পর্যন্ত নিবন্ধনকারীরা হজে যান।

বৃহস্পতিবার রাত ৭টা পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ১৬৪২১ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৭৬২৮০ ক্রমিক পর্যন্ত প্রাক-নিবন্ধন হয়েছে।