রাজশাহীতে ৩৫ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আটটি নতুন থানাসহ রাজশাহীতে ২১টি প্রকল্পের উদ্বোধন ও ১৩টি প্রকল্পের ভিত্তিফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার রাজশাহী সফরে নগরীর মাদ্রাসা ময়দানে মহানগর ও জেলা আওয়ামী লীগের এক জনসভায় অংশ নিয়ে তিনি বক্তৃতাও করেন।
আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে গত নয় বছরে রাজশাহীতে শেখ হাসিনার পঞ্চম সফর এটি। এ উপলক্ষে রাজশাহী শহর সাজানো হয় মনোরম সাজে।
নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বিকালে রাজশাহীর মাদ্রাসা ময়দানে জনসভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর তিনি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিফলক উন্মোচন করেন।
উদ্বোধন হওয়া আটটি নতুন থানা হল- রাজশাহীর চন্দ্রিমা থানা, কাশিয়াডাঙ্গা থানা, কাটাখালী থানা, এয়ারপোর্ট থানা, পবা থানা, কর্ণহার থানা, দামকুড়া থানা ও বেলপুকুর থানা।
পুঠিয়া উপজেলায় বারনই নদীতে রাবার ড্যাম, রাজশাহী (নর্থ) ফায়ার সার্ভিস স্টেশন, রাজশাহী নওহাটা ফায়ার স্টেশন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইন্সটিটিউট, গোদাগাড়ী উপজেলার সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম এবং রাজশাহী বিভাগীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এছাড়া রাজশাহী সরকারি মহিলা কলেজের ছয়তলা ছাত্রীনিবাস, কাশিয়াডাঙ্গা ৩৩/১১ কেভি ২ ১০/১৩.৩৩ এমভিএ উপকেন্দ্র, মহেরচণ্ডী ৩৩/১১ কেভি ২ ১০/১৩.৩৩ এমভিএ উপকেন্দ্র, রাজশাহী-নওগাঁ প্রধান সড়ক থেকে মোহনপুর রাজশাহী-নাটোর সড়ক পর্যন্ত পূর্ব-পশ্চিম সংযোগ সড়কে ৩২৪ দশমিক ৫০ মিটার ফ্লাইওভার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, চারঘাট উপজেলার কৃষ্ণপুর থেকে জাহাঙ্গীরাবাদ সড়কে ৯৬ মিটার গার্ডার ব্রিজ, গোদাগাড়ী উপজেলার বড়গাছি ও রাজাবাড়ী ইউনিয়ন ভূমি অফিস, চারঘাট উপজেলার চারঘাট ও নন্দনগাছি ইউনিয়ন ভূমি অফিস, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, দূর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং বেসরকারি শাহ মখদুম মেডিকেল কলেজের অ্যাকাডেমিক ভবন নির্মাণের ভিত্তিফলক উন্মোচন করেন শেখ হাসিনা।
