২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়ের কপি: বিচারকের আশ্বাস খালেদার আইনজীবীকে

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের অনুলিপি পাওয়ার আশ্বাস এবার বিচারকের কাছ থেকে পেলেন খালেদা জিয়ার আইনজীবীরা।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2018, 12:54 PM

Updated : 08 Apr 2022, 05:56 PM

গত এক সপ্তাহের বেশি সময় ধরে রায়ের অনুলিপি পেতে আইনজীবীদের অপেক্ষার মধ্যে রোববার দুপুরে একথা জানান বিএনপি চেয়ারপারসনের অন্যতম আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পেতে আজ বিচারক মো. আখতারুজ্জামানের কাছে পিটিশন দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি আজকের মধ্যেই অনুলিপি দেওয়া হবে বলে জানিয়েছেন।”

তবে ওই আদালতের পেশকার মোকাররম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচারক বলেছেন, সার্টিফাইড কপি আগামীকাল দেওয়া হবে। আইনজীবীরা ভুল শুনেছেন।”

গত ৮ ফেব্রুয়ারি এই মামলায় বিএনপি চেয়ারপারসনকে ৫ বছর কারাদণ্ডের রায় দিয়েছিলেন ঢাকার বিশেষ জজ মো. আখতারুজ্জামান। তিনি সেদিন ৬৩২ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্তসার পড়েছিলেন।

এই রায়ের অনুলিপি পেলে হাই কোর্টে আপিল করে জামিনের আবেদন জানাবেন খালেদা। তাতে তার কারামুক্তি মিলবে বলে আশায় আছে বিএনপি।

রায়ের কপি এতদিনেও না পাওয়ায় এর পেছনে সরকারের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছেন বিএনপি নেতারা। তবে আওয়ামী লীগ নেতারা তা প্রত্যাখ্যান করে বলছেন, রায়ের অনুলিপি পেতে আবেদন জানাতে উদ্দেশ্যমূলকভাবে দেরি করেছেন বিএনপির আইনজীবীরা।

অ্যাডভোকেট তৌহিদ বলেন, ““ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডারের ২৭৩ বিধির উল্লেখ করে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াসহ অন্য আইনজীবীরা বিচারককে বলেন, রায়ের অনুলিপি পাওয়ার আবেদনের পর এ আইন অনুযায়ী ৫ কার্যদিবসের মধ্যে রায়ের সত্যায়িত কপি সরবরাহ করার নিয়ম রয়েছে। কিন্তু ৫ কার্যদিবসের অনেক বেশিদিন পার হয়ে গেলেও আমরা রায়ের সত্যায়িত কপি পাচ্ছেন না।”

এদিকে রোববার খালেদা জিয়ার বিরুদ্ধে আরেক মামলা বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল।

বকশীবাজারে কারা অধিদপ্তরের মাঠে স্থাপিত ঢাকার বিশেষ আদালত-২ এর বিশেষ এজলাসে এদিন হাজির করা হযনি খালেদাকে।

কয়েকটি সময়ের আবেদন আমলে নিয়ে বিচারক হোসনে আরা অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে ২৫ মার্চ নতুন দিন রেখেছেন।

পুরনো খবর:

আপিল: খালেদার আইনজীবীদের অপেক্ষা ফুরাচ্ছে না
রায়ের কপি নিয়ে ছলচাতুরিতে সরকার: মওদুদ
রায়ের কপি দিতে আর কয় বছর লাগবে: কামাল হোসেন
রায়ের কপির সাথে সরকারের সংশ্লিষ্টতা নেই: আইন মন্ত্রী
খালেদাকে আর কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়াকে দুটি মামলায় আদালতে হাজির করার নির্দেশ