২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অধিকার ক্ষুণ্নের’ নোটিসের জবাব না পাওয়ায় শামীম ওসমানের ক্ষোভ

সংসদে ‘বিশেষ অধিকার ক্ষুণ্নের’ নোটিস দিয়ে দীর্ঘদিনেও জবাব না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2018, 01:25 AM

Updated : 19 Aug 2022, 01:37 PM

বৃহস্পতিবার সংসদ সঅধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি ‘নোটিসের’ ভবিষ্যৎ জানতে চান স্পিকারের কাছে।

এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, এই সাংসদসহ কয়েকজনের অধিকার ক্ষুণ্নের নোটিস কমিটিতে ‘পেন্ডিং’ রয়েছে। সিদ্ধান্ত পরে জানানো হবে।

গত বছর ২৬ জানুয়ারি ইংরেজি দৈনিক ডেইলি অবজারভারে সংসদ সদস্যদের বিরুদ্ধে ‘মনগড়া’ সংবাদ পরিবেশনের অভিযোগে পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে জাতীয় সংসদে তলবের দাবি জানিয়ে রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক একটি নোটিস দেন।

পরে শামীম ওসমান দৈনিক প্রথম আলো, ডেইলি অবজারভার ও অনলাইন সংবাদ পোর্টাল বাংলা ট্রিবিউনের বিরুদ্ধে অধিকার ক্ষুণ্নের নোটিস দেন।

বৃহস্পতিবার শামীম ওসমান বলেন, “মাননীয় স্পিকার, আপনি অবগত আছেন এক বছর আগে কিছু পত্রিকায় নিউজ নিয়ে অধিকার ক্ষুণ্নের নোটিশ দিয়েছিলাম। এক বছর পেরিয়ে গেছে কোনো রেজাল্ট পাইনি।”

কোনো পত্রিকার নামোল্লেখ না করে গণমাধ্যমেগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

শামীম বলেন, “যে সমস্ত পত্রিকা আমাদের বিরুদ্ধে লিখেছিল, আমি গত কয়েক দিন ধরে দেখছি, বিশেষ করে যে পত্রিকাটি বা যে পত্রিকার গ্রুপটি ওয়ান ইলেভন সৃষ্টির চেষ্টা করেছিল অথবা নবী করিম (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র এঁকেছিল অথবা আমার মহান নেত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাঁড় করিয়েছিল, তারা নতুন করে আবারও আমাদের বিভিন্ন সংসদ সদস্যদের চরিত্র হনন শুরু করেছে। আমার এলাকাতে আমার ব্যাপারে তারা তো লিখতে লিখতে ক্লান্ত হয়ে ওই পত্রিকার সম্পাদক খোদ নিজে গিয়ে হাজির হচ্ছেন এবং ওখানে বক্তব্য দিচ্ছেন।”

মাত্র ১ শতাংশ সাংবাদিক ‘অসততা’ করে রাষ্ট্রক্ষমতা পরিবর্তনে নিজেদের সংবাদমাধ্যমকে ব্যবহার করছে বলে অভিযোগ করেন নারায়ণগঞ্জের আলোচিত এই সাংসদ।

তিনি বলেন, “যারা সংবাদমাধ্যমকে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান।গত কিছুদিন ধরে দেখছি, বিভিন্ন আকার ইঙ্গিতে বিভিন্ন ধরনের নিউজ করে দেশকে অশান্ত করার চেষ্টা করছেন। তারা কিন্তু বারবার আমাদের ক্ষত বিক্ষত করবে।আমি এদের সাথে লড়াই করতে অভ্যস্ত। কারণ আমি সত্যের সাথে আছি। জানতে চাই অধিকার ক্ষুণ্নের নোটিশটির ভবিষ্যৎ কী?”

জবাবে অধিবেশনের সভাপতি স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, “নোটিশ গ্রহণ করা হয়েছিল। আপনিসহ কয়েকজনের নোটিশ বিশেষ অধিকার কমিটিতে পেন্ডিং আছে। আরও কয়েকটি বিশেষ অধিকারের নোটিস এসেছে। এটি প্রক্রিয়াধীন রয়েছে, সিদ্ধান্ত জানানো হবে।”

জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সংসদে বিরোধী দলের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ করেন।

তিনি বলেন, “জাপার একজন সদস্য প্রশ্ন করতে চাইলে সুযোগ দেওয়া হয়নি। কিন্তু সরকারি দলের একজন সদস্যকে ২২ লাইনের কবিতা দিয়ে ছোট প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়। মাঝেমাঝে ওই চেয়ারে বসে বিরোধী দলকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হয়।

“আপনারা আমাদের কাছ থেকে কী ধরনের ভূমিকা চান? আমাদের কিছুটা অবিচার করা হয়।এ বিষয়ে নজর দিতে হবে।”

এ সময় স্পিকার বলেন, “আপনাদের যথেষ্ট সময় দেওয়া হয়।”

পুরনো খবর:

সংসদে ‘অসহায়’ শামীম ওসমান
ইকবাল সোবহানের বিরুদ্ধে এবার শামীম ওসমানের নোটিস