২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইকবাল সোবহানের বিরুদ্ধে এবার শামীম ওসমানের নোটিস

বিশেষ অধিকার ক্ষুন্নের অভিযোগ এনে ডেইলি অবজারভার সম্পাদক ও প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে দেওয়া সরকারি সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের নোটিস গ্রহণ করেছে সংসদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2017, 01:04 AM

Updated : 11 Apr 2022, 11:01 PM

বুধবার সংসদ অধিবেশনের শুরুতেই স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিষয়টি সংসদকে জানিয়ে নোটিস গ্রহণ করেন। নোটিসটি সংশ্লিষ্ট কমিটিতে পাঠানো হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য।

একই সঙ্গে প্রথম আলো এবং অনলাইন নিউজ পোর্টাল বাংলাট্রিবিউনের বিরুদ্ধে শামীম ওসমানের দেওয়া নোটিস বিধি অনুযায়ী না হওয়ায় তা গ্রহণ করেননি স্পিকার।

স্পিকার শিরীন শারমিন বলেন, “সংসদ সদস্য শামীম ওসমান বিশেষ অধিকার ক্ষুন্ন হয়েছে বলে তিনটি নোটিস দিয়েছেন। নোটিস তিনটির মধ্যে প্রথমটিতে দ্য ডেইলি অবজারভার পত্রিকা গত ২৩ জানুয়ারি প্রথম পৃষ্ঠায় চতুর্থ কলামে ‘Police await PM's order to crack down on drug lords’ শিরোনামে অসত্য ভিত্তিহীন কাল্পনিক খবর প্রকাশ করায় সদস্যের পারিবারিক সামাজিক এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও দেশ-বিদেশে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় তার সুনাম ক্ষুন্ন হয়েছে বলে বিশেষ অধিকার ক্ষুন্ন হওয়ার কথা তার নোটিসে উল্লেখ করেছেন।”

“দ্বিতীয়ত দৈনিক প্রথম আলো পত্রিকায় ২০১৪ সালের ১ জুন ‘আইনজীবীকে হত্যায় অনুতপ্ত র্যা বের সাবেক তিন কর্মকর্তা’ শিরোনামে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তাতে সংসদ সদস্য শামীম ওসমানকে জড়িত করে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে উল্লেখ করেছেন নোটিসদাতা।”

স্পিকার বলেন, “তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে হেয় প্রতিপন্ন রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করায় বিশেষ অধিকার ক্ষুন্ন করার অভিযোগ করেছেন। তৃতীয়ত বাংলা ট্রিবিউন অনলাইন পত্রিকায় ২০১৬ সালের ২৭ নভেম্বর তার বাবাকে জড়িত করে রিপোর্ট করায় কার্যপ্রাণালী বিধির ১৬৪ বিধিতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।”

নোটিস তিনটি পরীক্ষা করে দ্বিতীয় এবং তৃতীয়টি বিশেষ অধিকার সম্পর্কিত বিধি ১৬৫(২) অনুযায়ী বিশেষ অধিকার প্রশ্ন উত্থাপনের শর্তাবলী পূরণ হয়নি উল্লেখ করে স্পিকার সে দুটি নাকচ করে দেন।

এরপর শামীম ওসমান বলেন, “আপনি যে সিদ্ধান্ত দিয়েছেন, আমি মেনে নিয়েছি। তবে প্রথম আলো, ডেইলি স্টার এই পত্রিকা দুটি দেশে বিভিন্ন সময় সরকার পরিবর্তনে বিভিন্ন ভূমিকা রেখেছে। আপনি (স্পিকার) বলেছেন যেই সময় ঘটনা সংগঠিত হবে সেই সময় উত্থাপন করতে হবে। আমি একমত। কিন্তু যখন কোনো বিষয় আদালতে বিচারাধীন থাকে সেই বিষয়ে কথা বলার সুযোগ থাকে না। যেহেতু আমরা আইনপ্রণেতা সেই হিসেবে সেই সুযোগ আমার কাছে ছিল না।

“আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল সেজন্যই ৩৮ মাস অপেক্ষা করেছি। তারা বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। আমি তাদের অনেক নোটিশ দিয়েছে একটিও গ্রহণ করেনি। আমি এও বলেছিলাম আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তার তথ্য প্রমাণ আমার সংসদের অভিভাবক স্পিকারকে দেন। ওরা তাও দেয়নি।”

এর আগে গত ২৬ জানুয়ারি ইংরেজি দৈনিক অবজারভারে সংসদ সদস্যদের বিরুদ্ধে ‘মনগড়া’ সংবাদ পরিবেশনের অভিযোগে পত্রিকার সম্পাদক ইকবাল সোবহানকে জাতীয় সংসদে তলবের দাবি জানিয়ে রাজশাহী-৪ আসনের সাংসদ এনামূল হক একটি নোটিস দেন।