২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ছাত্র এহসানকে পেটানো ছাত্রলীগ নেতাদের বহিষ্কার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এহসান রফিককে পিটিয়ে আহতকারী সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগ নেতাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2018, 11:43 PM

Updated : 11 Oct 2022, 12:06 PM

রোববার বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

ছাত্রলীগের হাতে নির্যাতিত শিক্ষার্থীরা ‘সুবিচার’ পাননা বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।  তাদের মতে, বিশ্ববিদ্যালয় প্রশাসন নামমাত্র তদন্ত কমিটি গঠন করলেও কারও শাস্তি হয় না।

‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’র অন্যতম সমন্বয়ক গণযোগাযোগও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু রায়হান খান বলেন, “ছাত্রলীগ যে তিনজনকে বহিষ্কার করেছে এরা ছাড়াও আরও কয়েকজন এহসানের ওপর হামলায় জড়িত। সবাইকেই বিচারের আওতায় আনতে হবে ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। পাশাপাশি এহসানের চিকিৎসার সকল ব্যয়ভার বিশ্ববিদ্যালয়কে বহন করতে হবে।”

ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও হামলায় আঘাতপ্রাপ্ত এহসানের চোখের অবস্থার উন্নতি হয়নি বলে তার বাবা রফিকুল ইসলাম জানিয়েছেন।

তিনি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছেলেকে নিয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ছিলাম তিন দিন। ডাক্তারদের পরামর্শে অন্য হাসপাতালে এসেছি। প্রায়ই বমি করছে। কিছু খেতেও পারছে না।

“কর্নিয়াতে আঘাত লেগেছে। এখানে কোনো উন্নতিই হচ্ছে না। দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানোর ব্যাপারে চিন্তা করছি।”

রফিকুল ইসলাম পেশায় সাংবাদিক, দৈনিক ইত্তেফাক ও বৈশাখী টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি।

ছেলেকে মারধরে মামলা দায়ের করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, “মামলা করি নাই। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হলের প্রাধ্যক্ষ বরাবর অভিযোগ দিয়েছি। দেখি উনারা কী বিচার করেন।”

গত মঙ্গলবার রাতে ক্যালকুলেটর ফেরত চাওয়া নিয়ে বিতণ্ডার জেরে এহসান রফিককে মারধর করে এসএম হল ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় তার ডান চোখ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়।

এহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, তিন মাস আগে মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ওমর ফারুক তার (এহসান) ক্যালকুলেটর ধার নেন।

“তা ফেরৎ না দেওয়ায় চাইলে ওমর ফারুকসহ কয়েকজন আমাকে মারধর করে।”

তাকে মারধরের ঘটনায় হল শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক রুহুল আমিন, উপ-সম্পাদক মেহেদী হাসান হিমেল ও কর্মী ওমর ফারুককে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বহিষ্কৃতরা সবাই হল শাখা ছাত্রলীগের সভাপতি তাহসান আহমেদ রাসেলের অনুসারী।

এই ঘটনায় হল প্রশাসন থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সলিমুল্লাহ মুসলিম হলে ছেলে ‘নিরাপদ নয়’ মনে করে তার হল পরিবর্তনের জন্য উপাচার্য মো. আখতারুজ্জামানের সঙ্গে কথা বলেছেন বলে এহসানের বাবা জানিয়েছেন।

সমাবেশে চারুকলা অনুষদের শিক্ষার্থী সামান্তা শারমিন, গণযোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষার্থী মাসুদ আল মাহাদী, আহত এহসান রফিকের সহপাঠী দুর্যোগ বিজ্ঞান ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী তন্ময় কুমারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য দেন।