২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

মিয়ানমারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন মঞ্জুরুল করিম খান চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2018, 02:08 AM

Updated : 08 Apr 2022, 05:53 PM

পেশাদার কূটনীতিক মঞ্জুরুল বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ পূর্ব এশিয়া উইংয়ের মহাপরিচালক। মন্ত্রণালয়ের এই উইংই রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের সঙ্গে কাজ করছে।

মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমানকে গত মাসে অস্ট্রেলিয়া মিশনে বদলি করে সরকার।

বুধবার ওই পদে মঞ্জুরুল করিমকে নিয়োগের সিদ্ধান্ত জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিসিএস ১৭ ব্যাচের (পররাষ্ট্র) কর্মকর্তা মঞ্জুরুল করিম খান চৌধুরী চাকরিতে যোগ দেন ১৯৯৮ সালের ফেব্রুয়ারিতে। এর আগে তিনি ইস্তাম্বুল, লন্ডন, রোম ও বন্দর সেরি বেগাওয়ান মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।

বিভিন্ন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি।

বুয়েট থেকে মেকানিক্যালে স্নাতক মঞ্জুরুল করিম পরে ইতালির লা সাপিয়েঞ্জা ইউনিভার্সিটি থেকে জিওপলিটিক্স ও গ্লোবাল সিকিউরিটিতে স্নাতকোত্তর করেন।