বিশ্ববিদ্যালয়গুলোতে মুক্ত চিন্তা বাধা পাচ্ছে: রাষ্ট্রপতি
বিশ্ববিদ্যালয়গুলোতে সৃজনশীল কর্মকাণ্ডের অনুপস্থিতিতে মুক্ত চিন্তা বাধা পাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অবস্থা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, “লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার অন্যতম অনুসঙ্গ। এর অনুপস্থিতে আজ কূপমণ্ডুকতা, উগ্রবাদসহ নানামুখী অসহিষ্ণুতা বিশ্ববিদ্যালয়গুলোতে মুক্ত চিন্তার পরিবেশকে বাধাগ্রস্ত করছে। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”
বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য আবদুল হামিদ এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, “বিশ্ববিদ্যালয় কেবল পাঠদান কেন্দ্র নয়, বরং তা জ্ঞান সৃষ্টি ও চর্চার এক অনন্য পাদপীঠ। মুক্তচিন্তা, সমকালীন ভাবনা, জ্ঞান-বিজ্ঞানের নবতর অভিযাত্রাসহ সংস্কৃতি চর্চা, সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার্থীদের জানার পরিধিকে যেমন বিস্তৃত করে তেমনি তাদেরকে পরিণত করে বিশ্ব নাগরিকে।”
শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে আহ্বান জানিয়ে আবদুল হামিদ বলেন, “আগামী প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে প্রস্তুত করতে এবং সকল স্তরে নেতৃত্বদানে সক্ষম ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে তাদের মধ্যে মানবিক মূল্যবোধের জাগরণ ঘটাতে হবে।
“পারস্পরিক শ্রদ্ধাবোধ, পরমত সহিষ্ণুতা ও অসাম্প্রদায়িক চেতনাকে লালন করতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক, অভিভাবক, ছাত্র সংগঠনসহ সকলকে সম্মিলিতভাবে অবদান রাখতে হবে।”
সমাবর্তনে পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের শিক্ষার্থীদের প্রস্তুত করার আহ্বান জানান রাষ্ট্রপতি।
“আজকের পৃথিবী দ্রুত পরিবর্তনশীল এবং প্রবল প্রতিযোগিতাপূর্ণ। বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ করে তথ্যপ্রযুক্তির বৈপ্লবিক বিকাশ বিদ্যমান বিশ্ব ব্যবস্থায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে আরো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি করে তুলছে। কারণ, এ বিশ্ব ব্যবস্থায় যোগ্যতাই টিকে থাকার একমাত্র মানদণ্ড। তাই সময়ের প্রয়োজনেই শিক্ষার্থীদেরকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।”
সমাবর্তনে ডিগ্রিপ্রাপ্তদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, “তোমরা আজ গ্র্যাজুয়েট, দেশের উচ্চতর মানবসম্পদ। দেশের ভবিষ্যৎ নির্ভর করছে তোমাদের ওপর। তোমাদের তারুণ্য, জ্ঞান, মেধা ও প্রজ্ঞা হবে দেশের উন্নয়নে প্রধান চালিকাশক্তি। দেশ ও জনগণের কাছে তোমাদের আছে ঋণ।
“একজন বিবেকবান নাগরিক হিসেবে সেই ঋণ তোমাদের পরিশোধ করা উচিত। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জনকারী একজন গ্র্যাজুয়েট হিসেবে সবসময় সত্য ও ন্যায়কে সমুন্নত রাখবে। দুর্নীতি ও অন্যায়ের প্রতিবাদ করবে। রাষ্ট্রের বিবেকবান নাগরিক হিসেবে তোমাদের কাছে প্রত্যাশা করি, তোমরা কখনো ডিগ্রির মর্যাদা, ব্যক্তিগত সম্মানবোধ আর নৈতিকতাকে ভূলুণ্ঠিত করবে না।”
অনুষ্ঠানে সমাবর্তন বক্তব্য দেন নোবেল বিজয়ী বিজ্ঞানী রবার্ট হিউবার। সমাবর্তনে রবার্ট হিউবারকে সম্মানসূচক ‘ডক্টর অব সায়েন্স’ ডিগ্রি দেওয়া হয়।
এছাড়া শিক্ষাজীবনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য আটজন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেন আচার্য আবদুল হামিদ।
অনুষ্ঠোনে অন্যাদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান আব্দুল মান্নান।
দুপুরে হেলিকপ্টারে করে যশোর পৌঁছান রাষ্ট্রপতি। সমাবর্তন শেষে বিকালে ঢাকায় ফেরেন তিনি।
