২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬১৮ দপ্তরির চাকরি কেন রাজস্ব খাতে যাবে না: হাই কোর্ট

দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদে অস্থায়ী ভিত্তিতে কর্মরত ৬১৮ জনের চাকরি কেন রাজস্ব খাতে স্থানান্তরের নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2018, 07:51 PM

Updated : 19 Aug 2022, 01:33 PM

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

দেশের বিভিন্ন এলাকার ৬১৮ জন দপ্তরি কাম প্রহরীর করা দুটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চ সোমবার এ রুল জারি করে।

রিট আবেদনকারীপক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও নাসিরউদ্দিন খান সম্রাট। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমীন সরকার।

নাসিরউদ্দিন সম্রাট পরে সাংবাদিকদের বলেন, “আদালত আমাদের প্রাথমিক শুনানি নিয়ে সন্তুষ্ট হয়ে রুল জারি করেছেন। এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর একই আদালত ১৮৫ জনের বিষয়ে রুল জারি করেছিল।”

সরকার ২০১২ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী নিয়োগের জন্য নীতিমালা তৈরি করে। এরপর সারাদেশে ৩৬ হাজার ৯৮৮টি পদ সৃষ্টির মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়।

তারাই তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর চেয়ে এই রিট আবেদন করেন।