২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা পদ্ধতি বাতিল চেয়ে হাই কোর্টে রিট

সরকারি চাকরিতে নিয়োগে কোটা সংরক্ষণ বাতিল চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2018, 07:02 PM

Updated : 08 Apr 2022, 05:50 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনিসুর রহমান মীর, বাসসের জ্যেষ্ঠ প্রতিবেদক দিদারুল আলম ও দৈনিক আমাদের অর্থনীতির জ্যেষ্ঠ সহ-সম্পাদক আব্দুল ওদুদের পক্ষে বুধবার রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এখলাছ উদ্দিন ভূঁইয়া।

সকালে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন দাখিল করার পর তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী সপ্তাহে এর ওপর শুনানি হতে পারে।  

তিনি বলেন, “১৯৭২ সালের ৫ নভেম্বর এক নির্বাহী আদেশে সরকারি-বেসরকারি, প্রতিরক্ষা, আধা-সরকারি এবং জাতীয়করণকৃত প্রতিষ্ঠানে জেলা ও জনসংখ্যা ভিত্তিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা এবং ১০ শতাংশ ক্ষতিগ্রস্ত মহিলাদের জন্য কোটা প্রবর্তন করা হয়। পরবর্তীতে এই কোটা পদ্ধতি সংস্কার ও পরিবর্তন করে বিভিন্ন পর্যায়ে কোটা পদ্ধতি চালু রাখা হয়েছে।

“ফলে ১৯৭২ সালের ৫ নভেম্বর কোটা পদ্ধতি চালুর সেই নির্বাহী আদেশ কেন আইনবিরুদ্ধ ঘোষণা করা হবে না, কোটা পদ্ধতি বাতিল করে পুনর্মূল্যায়নের নির্দেশ কেন দেওয়া হবে না এবং কোটা পদ্ধতি বাতিল ও পুনর্মূল্যায়নে কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না-এ মর্মে রুল চাওয়া হয়েছে রিটে।”

‘কোটা পদ্ধতির কারণে’ চাকরি না পেয়ে ২০১৪ সালের ৩ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্র শাহাবুদ্দিন শাহীন আত্মহত্যা করেছিলেন বলে রিট আবেদনে দাবি করা হয়েছে।

আইনজীবী এখলাছ ভূঁইয়া বলেন, “বিশ্ব ব্যাংকের সহযোগিতায় পিএসসির উদ্যোগে ২০০৮ সালে কোটা পদ্ধতি নিয়ে একটি সমীক্ষা পরিচালনা করা হয়। সে সমীক্ষা কমিটির দুই সদস্য ড. আকবর আলী খান ও সাবেক নির্বাচন কমিশনার ও সাবেক সচিব কাজী রকিব উদ্দিন আহাম্মেদের প্রতিবেদন  আবেদনে উল্লেখ করা হয়েছে, যাতে কোটা পদ্ধতিকে অসাংবিধানিক ও ন্যায় পরিপন্থি হিসেবে উল্লেখ করা হয়।”

তিনি বলেন, “দেশে শিক্ষিত বেকারের সংখ্যা ৩০ লাখ। এর মধ্যে ৪৭ শতাংশ স্নাতক ডিগ্রিধারী।

“১৯৭২ সালে ৫ নভেম্বর বঙ্গবন্ধু যখন কোটা পদ্ধতি চালু করেছিলেন তখন দেশে ১৭টি জেলা ছিল, এখন জেলা ৬৪টি। দেশের প্রশাসনিক কাঠামো, জনসংখ্যা ও শিক্ষিতের হার বিবেচনায় কোটা পদ্ধতি বৈষম্যমূলক এবং একইসঙ্গে অসাংবিধানিক।” 

মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, জাতীয় সংসদ সচিবালয় সচিব, জনপ্রশাসন-আইন-সংস্থাপন ও পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে রিটে বিবাদী করা হয়েছে।

পুরনো খবর:

কোটা পদ্ধতি ‘উদ্ভট’: আকবর আলি