২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা পদ্ধতি ‘উদ্ভট’: আকবর আলি

সরকারি চাকরিতে নিয়োগের কোটা পদ্ধতিকে ‘উদ্ভট’ আখ্যায়িত করে তা তুলে দেওয়ার দাবি জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2018, 11:11 PM

Updated : 08 Apr 2022, 05:46 PM

শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে এক সেমিনারে তিনি বলেন, “বাংলাদেশের ক্যাডার নিয়োগে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোটা সিস্টেম। এর কারণে মেধাবীরা চাকরি পাচ্ছে না। কোটাকে অনেকে খারাপ, ভালো নয়, বাদ দেওয়া উচিত- এরকম বললেও এর বেশি কিছু বলেন না।”

সাবেক মন্ত্রিপরিষদ সচিব আকবর আলি বলেন, “বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনে ২৫৭টি কোটা রয়েছে। পৃথিবীর কোনো দেশেই এমন উদ্ভট সিস্টেম নেই।

“বাংলাদেশের সংবিধানে কোটা চালু হয়েছে দরিদ্রদের উপরে তুলে নিয়ে আসার জন্য, কাউকে পুরস্কৃত করার জন্য নয়। মুক্তিযোদ্ধাদের জন্য কোটা সিস্টেম চালু হয়েছিল কারণ তাদের অবস্থা তখন খারাপ ছিল। কিন্তু এখন মুক্তিযোদ্ধার নামে যে কোটা দেওয়া হয় তা নিতান্তই অমূলক।”

বিসিএসে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশসহ মোট ৫৬ শতাংশ কোটা সংরক্ষিত আছে।প্রায় প্রতিটি বিসিএসেই কোটার বিপরীতে উত্তীর্ণ প্রার্থী পায় না পাবলিক সার্ভিস কমিশন।

বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটার প্রার্থী পাওয়া না গেলে ওই সব পদ খালি রাখতে ২০১০ সালে সরকার নির্দেশনা দিলেও শূন্য পদ পরের বিসিএসের মেধাতালিকা থেকে পূরণ করা হচ্ছে।

৩৫তম বিসিএসে মুক্তিযোদ্ধা, মহিলা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার পূরণ না হওয়া ৩৩৮টি পদ ৩৬তম বিসিএসের মেধাতালিকা থেকে পূরণের সিদ্ধান্ত নেয় সরকার। তার আগে ৩২তম বিসিএসেরও মুক্তিযোদ্ধা কোটায় পূরণ না হওয়া এক হাজার ১২৫টি পদে ৩৩তম বিসিএসের মেধাতালিকা থেকে নিয়োগ দেওয়া হয়।

কোটা ব্যবস্থা তুলে দেওয়ার দাবি জানিয়ে আকবর আলি খান বলেন, “কোনো দেশেই অনির্দিষ্ট সময়ের জন্য কোটা ব্যবস্থা চালু রাখার নিয়ম নেই। কোটার কারণে দেশের মেধাবীরা আজ বিপন্ন। কোটা বন্ধ হলে অনেক মেধাবীই চাকরি পাবে।”

সিভিল সার্ভিসে নিয়োগে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা পদ্ধতিরও সমালোচনা করে তার পরিবর্তনের পরামর্শ দিয়েছেন সাবেক এই আমলা।

তিনি বলেন, “বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ পদ্ধতিতে অসঙ্গতি রয়েছে। পাবলিক সার্ভিস কমিশন চায়, সব পদের জন্য একই পরীক্ষা দিয়ে নিয়োগ হবে। এটি একটি উদ্ভট ধারণা। এর মাধ্যমে সঠিক ক্যাডার পাওয়া যায় না।

“পজিশন বেইজড যোগ্যতম ব্যক্তিকে নিয়োগ দিতে হবে। নির্দিষ্ট কিছু পদে নেতৃত্বের গুণাবলীর ভিত্তিতে নিয়োগ দেওয়া উচিত। বাকি সব পদে পজিশন ভিত্তিক নিয়োগ দিতে হবে। বাংলাদেশ সিভিল সার্ভিসে এ রকম বড় ধরনের পরিবর্তন দরকার।”

প্রশাসনে পদের বেশি সংখ্যায় পদোন্নতির সমালোচনা করে আকবর আলি খান বলেন, “এখানে পদ নেই তবু অতিরিক্ত পদোন্নতি হচ্ছে। পৃথিবীর কোথাও এ রকম নিয়ম নেই। এর কারণে সিদ্ধান্ত প্রণয়নে অতিরিক্ত সময় লাগছে।”

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার সমালোচনা করে তিনি বলেন, “নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হওয়ার আগে বিচার বিভাগের হাতে যে মামলা ছিল তার চেয়ে বেশি মামলা এখনও নিষ্পত্তির অপেক্ষায় আছে।

“বাংলাদেশে মামলা হলে তার নিষ্পত্তি কবে হবে তা কারও জানা নাই। বাংলাদেশে এমন অনেক মামলা আছে, যার নিষ্পত্তি গত ৪০-৫০ বছরেও হয়নি। কিছু কিছু মামলা নিষ্পত্তিতে ৫০-৬০ বছরও লেগে যায়। আর এটা প্রশাসনের উন্নতিতে অন্যতম বাঁধা। এর নেপথ্যে রয়েছে ব্রিটিশদের কমন ল’ সিস্টেম।”

কলাভবনের চারতলায় ‘প্রেজেন্ট সিভিল সার্ভিস সিস্টেম ইন বাংলাদেশ’ শিরোনামে এই সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ। এতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।