২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ শিক্ষক রাজীব মীরকে বরখাস্ত করা নিয়ে প্রশ্ন হাই কোর্টের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মীর মোশারেফ হোসেনকে (রাজীব মীর) বরখাস্তের সিদ্ধান্ত কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2018, 05:34 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

বরখাস্ত ওই শিক্ষকের রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়র উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালত বরখাস্তের ওই আদেশ নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি এই শিক্ষককে তার জ্যেষ্ঠতা অনুযায়ী বকেয়া, সকল বেতন-সুবিধা দিয়ে কেন পদে পুনর্বহাল করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

রাজীব মীরের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক। সঙ্গে ছিলেন এম মঞ্জুর আলম ও মো. তায়্যিব-উল-ইসলাম সৌরভ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আলামিন সরকার।

Image
রাজীব মীর

রাজীব মীর

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক রাজীব মীরকে গত বছর চাকরিচ্যুত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

অ্যাডভোকেট সৌরভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অসদচারণ, নৈতিক স্খলন, কর্তব্যে অবহেলাসহ অপেশাদারি অভিযোগের ভিত্তিতে গত বছরের ১০ আগস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই শিক্ষককে বরখাস্ত করে।

“এসব অভিযোগ তদন্তে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে এ তদন্ত কমিটি যে প্রতিবেদন দেয় তার কোনো অনুলিপি রিটকারীকে সরবরাহ না করে অর্থাৎ রিটকারীকে তার বিরুদ্ধে আনা অভিযোগের সাক্ষ্য-প্রমাণ সম্পর্কে তাকে না জানিয়েই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।”

“অর্থাৎ আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই তাকে বরখাস্ত করা হয়েছে, যা বেআইনি ও অবৈধ,” বলেন সৌরভ।  

ওই বরখাস্তের আদেশটি চ্যালেঞ্জ করে গত রোববার হাই কোর্টে রিট আবেদন করেন রাজীব মীর।

পুরনো খবর:

‘যৌন নিপীড়ক’ জগন্নাথ শিক্ষক চাকরিচ্যুত