২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিস্তলধারীকে ছাড়: পুলিশকর্তা বিধান ত্রিপুরাকে হাই কোর্টে তলব

হযরত শাহজালাল বিমানবন্দরে গুলিভর্তি পিস্তলসহ যাত্রীকে আটকের পরও কোনো আইনি ব্যবস্থা না নেওয়ায় পুলিশ কর্মকর্তা বিধান ত্রিপুরাকে তলব করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2018, 02:45 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

গত বছরের শুরুর দিকের একটি ঘটনায় ১২ ডিসেম্বর স্বতঃপ্রণোদিতভাবে জারি করা এক রুলের ধারাবাহিকতায় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।

ঘটনার সময় ঢাকা মহানগর উত্তরা জোনের উপ-পুলিশ কমিশনার ও এখন হবিগঞ্জের পুলিশ সুপার বিধানকে ১৩ ফেব্রুয়ারি হাজির হয়ে ঘটনাটির ব্যাখ্যা দিতে বলেছে আদালত।

আদালতে এ বিষয়ে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ। আর দুই পুলিশ কর্মকর্তার পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন।

পরে ফরহাদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ১২ ডিসেম্বর আদালত বিমানবন্দর থানার ওসি নূর-ই-আজম মিয়া ও এসআই সুকান্ত সাহাকে তলব করে। গত ২৪ জানুয়ারি তারা হাজির হলে আদালত তাদের ভর্ৎসনা করে মঙ্গলবার পরবর্তী আদেশের জন্য রেখেছিল।

“তাছাড়া এ সংক্রান্ত প্রকাশিত খবরে উল্লেখ আছে, বিধান ত্রিপুরার মৌখিক আদেশে আটক আমজাদ রহমানকে তার পিতার জিম্মায় দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। ফলে এ ঘটনার ব্যাখ্যা জানতে এবার তাকে তলব করেছে আদালত।”

আদেশের আগে আইনজীবী ইউসুফকে উদ্দেশ্য করে আদালত বলে, “আইন অনুযায়ী না হয়ে টেলিফোনে যদি সব হয়ে যায় তাহলে কেমনে হবে? বিধান ত্রিপুরার মৌখিক নির্দেশেই সেদিন আসামিকে ছেড়ে দেওয়া হয়েছিল। অস্ত্র আইনটা দেখেন। কোর্টের ইন্টারপ্রেটেশন ছাড়া কীভাবে ছাড়লো এই আসামিকে?”

পরে আদালত বিধান ত্রিপুরাকে তলবের আদেশ দেয়।

এ ঘটনায় গত ২৪ জানুয়ারি নূর-ই-আজম মিয়া ও সুকান্ত সাহাকে ভৎর্সনা করার পর মঙ্গলবার আদালত আদেশের জন্য রেখেছিল।

গত বছরের ১৫ ফেব্রুয়ারি অস্ত্রসহ ফারমার্স ব্যাংকের পরিচালক আজমত রহমানকে পিস্তলসহ আটকের পর ছেড়ে দেওয়ার খবর গণমাধ্যমে দেখে বিষয়টিতে হস্তক্ষেপ করে হাই কোর্ট।

আজমতের বাবা আতাহার উদ্দিন তখন বেসরকারি ব্যাংকটির ভাইস চেয়ারম্যান ছিলেন। এখন আজমত ভাইস চেয়ারম্যান।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ১২ ডিসেম্বর খবরটি নজরে আনলে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারির পাশাপাশি উত্তরা জোনের উপ-পুলিশ কমিশনার বিধান ত্রিপুরা, বিমানবন্দর থানার ওসি ও এসআইকে তলব করে।

নিষিদ্ধ এলাকায় গুলিভর্তি পিস্তলসহ ধরা পড়ার পর সংশ্লিষ্ট থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) অধীনে আজমত রহমানের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে আদালতে সোপর্দ না করার ব্যাখ্যা জানতে কেন বিমানবন্দর থানার ওসি ও এসআইকে আদালতে সশরীরে হাজির হতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।

এ তিন জনকেই ১৫ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলেছিল আদালত।

পুরনো খবর:

পিস্তলসহ যাত্রীকে ধরেও ছেড়ে দেওয়ায় বিমানবন্দরের ওসি-এসআইকে ভর্ৎসনা