২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিস্তলসহ যাত্রীকে ধরেও ছেড়ে দেওয়ায় বিমানবন্দরের ওসি-এসআইকে ভর্ৎসনা 

হজরত শাহজালাল বিমানবন্দরে গুলিভর্তি পিস্তলসহ যাত্রী আটকের পরও কোনো আইনি ব্যবস্থা না নেওয়ায় বিমানবন্দর থানার ওসি নূর-ই-আজম মিয়া ও এসআই সুকান্ত সাহাকে ভৎর্সনা করেছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2018, 10:26 PM

Updated : 19 Aug 2022, 01:28 PM

গত বছরের ১৫ ফেব্রুয়ারি অস্ত্রসহ ফারমার্স ব্যাংকের পরিচালক আজমত রহমানকে পিস্তলসহ আটকের পর ছেড়ে দেওয়ার খবর গণমাধ্যমে দেখে বিষয়টিতে হস্তক্ষেপ করে হাই কোর্ট।

আজমতের বাবা আতাহার উদ্দিন তখন বেসরকারি ব্যাংকটির ভাইস চেয়ারম্যান ছিলেন। এখন আজমত ভাইস চেয়ারম্যান।

তলবের পর দুই পুলিশ কর্মকর্তা বুধবার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে ঘটনার ব্যাখ্যা দিয়ে নিঃশর্ত ক্ষমা চাইলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ তাদের ভর্ৎসনা করে।

আগামী ৩০ জানুয়ারি এ বিষয়ে পরবর্তী আদেশ দেবে আদালত।

আদালতে এ বিষয়ে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ। আর দুই পুলিশ কর্মকর্তার পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন।

ফরহাদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটি ঘটে গত বছরের ১৫ ফেব্রুয়ারি রাতে। কিন্তু এটি পত্রিকায় প্রকাশ পায় ১০ ডিসেম্বর। এর দুই দিন পর অর্থাৎ ১২ ডিসেম্বর প্রকাশিত খবরটি আমি আদালতের নজরে আনি।”

আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারির পাশাপাশি বিমানবন্দর থানার ওসি ও এসআইকে তলব করে।

ফরহাদ আহমেদ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির ঘটনার মামলা এই আদালতে হয়েছে। তাছাড়া বিমান বন্দর হচ্ছে দেশের সবচেয়ে স্পর্শকাতর জায়গাগুলোর একটি। সেখানে দুই-তিনটি নিরাপত্তা বেষ্টনি পার হওয়ার পর ধরা পড়েছে যে, তার ব্যাগে গুলিভর্তি পিস্তল ধরা পড়ে।

“এ ধরনের ঘটনা ঘটলে যেকোনো নাগরিকের দায়িত্ব বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আদালতের নজরে আনা। সংশ্লিষ্ট আদালতের আইন কর্মকর্তা হিসেবেই বিষয়টি আদালতের নজরে আনা হয়।”

নিষিদ্ধ এলাকায় গুলিভর্তি পিস্তলসহ ধরা পড়ার পর সংশ্লিষ্ট থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) অধীনে আজমত রহমানের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে আদালতে সোপর্দ না করার ব্যাখ্যা জানতে কেন বিমানবন্দর থানার ওসি ও এসআইকে আদালতে স্বশরীরে হাজির হতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।

গত বছরের ১২ ডিসেম্বর এ রুল জারি করে আদালত পুলিশের উত্তরা জোনের উপ-কমিশনার বিধান ত্রিপুরা, বিমানবন্দর থানার ওসি নূর-ই-আজম মিয়া ও এসআই সুকান্ত সাহাকে ১৫ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলে।

ফরহাদ আহমেদ বলেন, “আজ আদালতে হাজির এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিমানবন্দর থানার এ দুই পুলিশ কর্মকর্তা নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। বলেছেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না।

“তখন আদালত বলেছেন, বিমানবন্দর হচ্ছে নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টিত এলাকা এবং সবচেয়ে স্পর্শকাতর জায়গা। ওখানে আপনি অস্ত্র নিয়ে যাবেন কেন? আরেকটা বিষয় পুলিশ অস্ত্রের লাইসেন্স যাচাই না করেই আসামিকে তার বাবার জিম্মায় দিয়ে ছেড়ে দিয়েছে। অন্য কেউ হলে পুলিশ এভাবে ছেড়ে দিত কি না?

ফরহাদ বলেন, “এই ঘটনার পর এসআই সুকান্তর বোন ফারমার্স ব্যাংকে চাকরি পায়- এ ঘটনার উল্লেখ করে তখনই আদালত দুই পুলিশ কর্তকর্তাকে ভর্ৎসনা করে বলে, তাহলে কনসিকোয়েন্টা কী দাঁড়ালো? এ ঘটনার পরই আপনার বোনের চাকরি হয়েছে। তার মানে তাদের সঙ্গে আপনার (এসআই) এক ধরনের সেটেলমেন্ট হয়েছে।

“এরপর আদালত ওসিকে উদ্দেশ করে বলেন, ২০১২ সাল থেকে আমি ফৌজদারি আদালতে আছি। বিমানবন্দরে অল্প সোনা ধরা পড়লেই আপনারা কয়েক দিনের মধ্যেই চার্জশিট দিয়ে ফেলেন। যখন একশ-দুইশ কেজি ধরা পড়ে, তখন চার্জশিট দেন না। বছরের পর বছর ঝুলিয়ে রাখেন।”

Image
আজমত রহমান

আজমত রহমান

 

আজমতকে আটকের পর জিডি করে তার বাবা আতাহার উদ্দিনের জিম্মায় দিয়ে ছেড়ে দেওয়ার পর গণমাধ্যমে খবর এসেছিল, “এসআই সুকান্ত সাহা মোটা অঙ্কের ঘুষ নিয়ে এবং ছোটো বোনকে ওই ব্যাংকে চাকরি দেওয়ার বিনিময়ে আমজত রহমানকে অস্ত্রসহ আটকের পরও ছেড়ে দেয়।”

ফারমার্স ব্যাংকের চেয়ারম্যান ছিলেন সরকারদলীয় সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীর। অনিয়মের কারণে ব্যাংকটি দুর্দশায় পড়ার পর সম্প্রতি তিনি পদত্যাগে বাধ্য হন।

প্রকাশিত খবরে বলা হয়, আজমত বিমানবন্দরের তিন নম্বর ফটকে স্ক্যান মেশিন অতিক্রম করে বোর্ডিং ব্রিজ ৬ দিয়ে পার হওয়ার সময় নিরাপত্তা তল্লাশির মুখে পড়েন। এ সময় তার সাথে থাকা ল্যাপটপ ব্যাগ স্ক্যান করে একটি ওয়ালথার পিস্তল ও ৮ রাউন্ড গুলি দেখতে পান নিরাপত্তাকর্মীরা। এরপর তাকে আটক করা হয়েছিল।

বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা জানান, সাধারণত উড়োজাহাজে ঘোষণা ছাড়া কোনো আগ্নেয়াস্ত্র বহন করা নিষিদ্ধ এবং আইনত অপরাধ। এ ক্ষেত্রে কোনো যাত্রী তার লাইসেন্সকৃত অস্ত্র বহন করতে হলে তাকে আগেই কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়।

পুলিশের উত্তরা জোনের উপ-কমিশনার (ডিসি) বিধান ত্রিপুরার মৌখিক আদেশে আটক যাত্রীকে ছেড়ে দেওয়ার কথা এসআই সুকান্তকে উদ্ধৃত করে গণমাধ্যমে খবর এসেছিল।