ধর্মঘটের সমর্থনে মিছিল ‘নিপীড়নবিরোধী’দের
উপাচার্যের কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে সোমবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রগতিশীল ছাত্র জোটের ডাকা ছাত্র ধর্মঘটের সমর্থনে মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে সমাবেশের পর এই মিছিল বের হয়। মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগার, ডাকসু ভবন, কলাভবন, ব্যবসায় অনুষদ থেকে ডাকসু ভবন সা্মনের এসে শেষ।
তাদের মিছিলে যেসব প্ল্যাকার্ড ছিল, তাতে লেখা ছিল- ‘তালা ভাঙা আর মানুষ মারা কি এক?’, ‘দালাল ভিসি নিপাত যাক’, ‘এদেরকে বেতন দিয়ে রাখা হয় কি, ছাত্রলীগ পোষার জন্য’ ইত্যাদি।
সমাবেশে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র আবু রায়হান বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ মনে করেছিল যে হামলা চালালে আমরা দমে যাব ৷ আমরা এখন পর্যন্ত রাজপথে আছি৷ অন্যায়-সন্ত্রাস বেশি দিন টিকে না।”
ভাস্কর্য বিভাগের ছাত্রী সামান্থা শারমিন বলেন, “জনগণের টাকায় বিশ্ববিদ্যালয় চলে, শিক্ষকের বেতন দেওয়া হয়। দাবি-দাওয়া শুনতে শিক্ষকরাও বাধ্য ৷
“কিন্তু ছাত্রলীগে ডেকে শিক্ষার্থীদের উপর হামলা করা এবং অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করবে কেন? নিপীড়কদের বহিষ্কার এবং প্রক্টরের পদত্যাগের দাবি জানাচ্ছি।”
গত ২৩ জানুয়ারি বাম ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থী’ ব্যানারে শিক্ষার্থীরা উপাচার্যকে তাদের দাবি আদায়ে উপাচার্যকে অবরুদ্ধ করলে ছাত্রলীগ গিয়ে পিটিয়ে তাদের তুলে দেয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, সেদিন উপাচার্যের উপর আক্রমণ হয়েছিল।
হামলার অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ দাবি করেছে, সেদিন অছাত্রদের হাত থেকে উপাচার্যকে উদ্ধার করতে গিয়েছিলেন তারা।
ওই ঘটনার পর ‘নিপীড়নবিরোধীদের’ পাল্টায় ‘সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানার নিয়ে কর্মর্সূচিতে নেমেছেন ছাত্রলীগ নেতারা। তাদের কর্মসূচি থেকে উপাচার্যের কার্যালয়ে হামলাকারীদের বহিষ্কারও চাওয়া হচ্ছে।
