২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলক্ষেত অবরোধে সাত কলেজে ভর্তিচ্ছুরা

মেধাক্রম অনুযায়ী বিষয় না পাওয়ায় প্রায় তিন ঘণ্টা নীলক্ষেত মোড়ে রাস্তা বন্ধ করে আন্দোলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজে প্রথম বর্ষে ভর্তিচ্ছুরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তারেক হাসান নির্ঝর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2018, 02:16 AM

Updated : 11 Oct 2022, 12:03 PM

শনিবার দুপুর দেড়টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রাখলে ওই এলাকায় তীব্র যানযটের সৃষ্টি হয়।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মাইনুল করিম ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের দাবি পূরনের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক থেকে চলে যান।

অধ্যাপক মাইনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি গিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কথা শুনেছি। আগামী দুই দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের দাবি পূরনের আশ্বাস দিয়েছি।”

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, তাদের মেধাক্রম প্রথম দিকে থাকলেও তারা কেউ কেউ এখনও সাবজেক্ট বরাদ্দ পাননি, আবার অনেকে পছন্দ অনুযায়ী সাবজেক্ট পাননি যেখানে অনেক পেছনের মেধাক্রমের শিক্ষার্থীরা তুলনামূলক ভালো সাবজেক্ট পেয়েছে।

হাসান আল মামুন নামে এক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার মেরিট পজিশন ১১৭৫। কলা অনুষদে আসন সংখ্যা প্রায় ১১ হাজার। পছন্দের কলেজে ভালো সাবজেক্ট পাওয়ায়াই স্বাভাবিক। অথচ আমাকে এখনও মৌখিক পরীক্ষার জন্য এসএমএসই দেওয়া হয়নি। আজকে সবাইকে সাবজেক্ট দেওয়া হচ্ছে, অথচ আমার এতো ভালো মেধাক্রম থাকার পরেও আমি সাবজেক্ট পাচ্ছি না।”

হারুন উর রশিদ নামে ভর্তিচ্ছু আরেক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার মেধাক্রম ১২৩৩। আমি পাঁচটি কলেজের অধিকাংশ সাবজেক্টই পছন্দক্রম অনুযায়ী দিয়েছি। কিন্তু এখনও কোনো সাবজেক্ট পাইনি। এতো ভালো সিরিয়াল থাকার পরেও ভর্তি হতে পারছি না। আমার পরিবারকে আমি কী জবাব দেব বুঝতেসি না।”

অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে বিভাগ পরিবর্তন করে ‘বিজ্ঞান শাখা’ থেকে আসা ভর্তিচ্ছুদের মৌখিক পরীক্ষা ও সাবজেক্ট বরাদ্দ শনিবার দুপুর ২টা থেকে শুরু হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো দেলোয়ার হোসেন অধিভুক্ত সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি প্রক্রিয়ার সমন্বয়ক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই। আমাদের আরও সাড়ে চার হাজার সিট ফাঁকা আছে। যারা পাশ করেছে সবাই সাবজেক্ট পাবে। এই ইউনিটের সাবজেক্ট মাইগ্রেশান ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই হয়ে যাবে। ফেব্রুয়ারির মাঝ বরাবর পুরো ভর্তি প্রক্রিয়া শেষ হবে।”

ভর্তি কার্যক্রম সংশ্লিষ্ট ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক শামীম আরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা এই অনুষদে পাশ করেছে, আশা করছি তারা সবাই ভর্তি হতে পারবে।”