২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ চায় বাংলাদেশ

ফিলিস্তিনি ভূ-খণ্ডে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন বন্ধ, গাজা উপত্যকায় অবরোধ তুলে নেওয়াসহ সব ধরনের আগ্রাসন ও সহিংসতা বন্ধে নিরাপত্তা পরিষদকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2018, 08:29 PM

Updated : 11 Oct 2022, 12:03 PM

বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ‘প্যালেস্টাইন প্রশ্নসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি’ শিরোনামে এক উন্মুক্ত বিতর্ক অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এ আহ্বান জানান।

তিনি বলেন, “পূর্ব জেরুজালেমকে রাজধানী করে দুই-রাষ্ট্র সমাধান কাঠামোর আওতায় স্থায়ী, সুসংহত, স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার রক্ষার ন্যায়সঙ্গত সংগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জনগণ ও সরকার সব সময়ই অকুণ্ঠ সমর্থন দিয়ে যাবে।”

জাতিসংঘের বাজেট কমে যাওয়ার কারণে বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি শরণার্থীরা ভয়াবহ পরিণতিতে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

তিনি বলেন, “আমরা আনরোয়ার (ইউএনআরডাব্লিউএ) জন্য পর্যাপ্ত ও টেকসই তহবিল নিশ্চিত করার প্রয়োজনীয়তা আবারও উল্লেখ করছি, যাতে করে ফিলিস্তিনি শরণার্থীদের জীবনধারণ অপেক্ষাকৃত সহজ হয়।”

ফিলিস্তিনি জনগণের জন্য আন্তর্জাতিক সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি বলেন, “বাংলাদেশ প্রত্যাশা করে ফিলিস্তিনি সমস্যার সমাধানে আঞ্চলিক ও দ্বিপাক্ষিকভাবে বিভিন্ন ধরনের ইতিবাচক উদ্যোগ সূচিত হবে।”