২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপাচার্যকে ‘আক্রমণকারীদের’ শাস্তি চেয়ে মানববন্ধনে ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য কার্যালয় ঘেরাওয়ের ঘটনায় তার ওপর আক্রমণ ও বিশ্ববিদ্যালয়ের সম্পদ বিনষ্টের অভিযোগ এনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ‘সচেতন শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে আন্দোলনরত ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 03:24 PM

Updated : 11 Oct 2022, 12:03 PM

পুরনো খবর:

উপাচার্যকে ‘আক্রমণকারীদের’ বহিষ্কারের দাবি ছাত্রলীগের
ভিসিকে উদ্ধারে যাওয়া ছিল ছাত্রলীগের দায়িত্ব, মনে করেন কাদের
ভিসিকে উদ্ধারে বিক্ষোভকারী শিক্ষার্থীদের পেটাল ছাত্রলীগ

বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করে এ দাবি জানায় তারা।

ছাত্রী নিপীড়নে জড়িত ছাত্রলীগ কর্মীদের বহিষ্কারের দাবি পূরণ না হওয়ায় ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থী’ ব্যানারে মঙ্গলবার দুপুরে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে একদল শিক্ষার্থী, যাদের মধ্যে সক্রিয় ছিলেন বাম ছাত্র সংগঠনগুলোর নেতারা।

অন্তত তিনটি ফটকের তালা ভেঙে তারা উপাচার্যের দরজার সামনে করিডোরে অবস্থান নেন। তিন ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ থাকার পর উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান পেছনের ফটক দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেও আন্দোলনকারীরা তাকে আটকে দেয়।

পরে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নেতৃত্বে ছাত্রলীগের একটি দল উপাচার্যকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করতে যায় এবং রড-লাঠি নিয়ে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়।

এরপর বাম সংগঠনগুলোর বিরুদ্ধে উপাচার্যকে আক্রমণ ও লাঞ্ছিত করা এবং ছাত্রলীগের নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ এনে বুধবার টিএসসির রাজু ভাস্কর্যে ‘সচেতন শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে সমাবেশ করে ছাত্রলীগের কর্মীরা।

আন্দোলনকারীদের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী বেনজির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাচার্যের উপর হামলা, বিশ্ববিদ্যালয়ের সম্পদ বিনষ্টকরণ, শিক্ষার্থী বোনদের শারীরিক লাঞ্ছনা, কর্মচারী ভাইদের মারধর ও শিক্ষার পরিবেশ বিনষ্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা মানববন্ধন করছি।”

দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা কর্মসূচি চালিয়ে যাবেন জানিয়ে তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। যারা রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করেছে তাদের সুস্পষ্ট শাস্তির দাবি জানাই।”

মানববন্ধনে অংশ নেওয়া আরেক শিক্ষার্থী ফারজানা আলম বলেন, “ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে, সেই সাথে এই পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”

এই মানববন্ধনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি আবদুল্লাহ আল নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাধারণ শিক্ষার্থী আমরা, আমাদের ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানার চুরি করে বহিরাগত অছাত্র বামরা আন্দোলন করছে।”

এই মানববন্ধনে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সকে অংশ নিতে দেখা যায়।তবে তাদের দাবি, সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন তারা।

আবিদ আল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি আমরা সমর্থন জানিয়েছি। উপাচার্যকে অসম্মান এবং রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিসাধনের বিরুদ্ধে শিক্ষার্থীদের যে অবস্থান তাতে সহমত পোষণ করছি।”

প্রগতিশীল ছাত্র জোটের ২৯ জানুয়ারির ধর্মঘট ‘গণতান্ত্রিকভাবে’ প্রতিহতের ঘোষণা দিয়ে তিনি বলেন, “আন্দোলন কর্মসূচি করা সবার গণতান্ত্রিক অধিকার। সাধারণ শিক্ষার্থীদের নিয়ে গণতান্ত্রিকভাবে তা প্রতিহত করা হবে।”

ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন, “ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে ক্যাম্পাসের সচেতন শিক্ষার্থীদের যে অবস্থান তাতে সংহতি প্রকাশ করেছি।

“বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী শিক্ষককে অসম্মান করতে পারে না, বিশ্ববিদ্যালয়ের সম্পদ ভাংচুর করার অধিকার তাদের নেই।”