‘অর্থের জন্য শিশু অপহরণ-হত্যায় দুই রিকশাচালক’
রাজধানীর পূর্ব গোড়ানের স্কুলছাত্র জিসান হত্যাকাণ্ডে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার শরীফুল (২২) ও শাহীন (১৯) ঢাকায় রিকশা চালানোর পাশাপাশি ‘ছিনতাই করে’ জানিয়ে র্যাব কর্মকর্তারা বলছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তিপণের জন্য জিসানকে ধরে নিয়ে হত্যার কথা স্বীকার করেছে তারা।
র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. এমরানুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকালে শরীফুলকে রাজধানীর সিপাহীবাগ থেকে এবং বিকালে শাহীনকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে জিসানের ব্যবহৃত মোবাইলটি পাওয়া গেছে।
পূর্ব গোড়ানের রিকশা গ্যারেজ মালিক মোফাজ্জেল হোসেনের ছেলে মো. জিসান (১৩) স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। দাওয়াত খেতে যাওয়ার কথা বলে শুক্রবার দুপুরের পর বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় সে।
শরীফুল
শাহীন
র্যাব কর্মকর্তা এমরানুল হাসান বলেন, জিসানকে হত্যার বিষয়টি জানার পর তদন্ত শুরু করেন তারা। হত্যাকারীদের একজন সিপাহীবাগ এলাকায় অবস্থান করছে জানতে পেরে সকালে সেখানকার একটি বস্তিঘর থেকে শরীফুলকে গ্রেপ্তার করা হয়।
“গ্রেপ্তারের পরপরই সে হত্যার কথা স্বীকার করে জানায় তার সাথে আরেকজন ছিল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাইবান্ধার ফুলছড়ি থেকে শাহীনকে গ্রেপ্তার করা হয়।”
স্থানীয় র্যাব সদস্যরা গ্রেপ্তারের পর শাহীনকে ঢাকায় আনা হয়েছে বলে জানান তিনি।
জিজ্ঞাসাবাদে শরীফুলের দেওয়া তথ্যের বরাত দিয়ে র্যাব-৩ অধিনায়ক বলেন, “ওই ঝিলের কাছেই জিসানকে হত্যা করা হয়। অপহরণের পরপরই তাকে সেখানে নিয়ে গলায় দুই দফা মাফলার পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে। পরে চারটি ইট বেঁধে ঝিলে ফেলে দেয়।”
মুক্তিপণ চাওয়ার আগেই তাকে হত্যা করা হয়েছে না মুক্তিপণ না পেয়ে হত্যা করা হয় সে বিষয়ে স্পষ্ট হতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।
শরীফুলকে গ্রেপ্তারের সময় সেখানে শাহীনের বড়ভাইকে পাওয়া যায় জানিয়ে র্যাব কর্মকর্তা এমরানুল বলেন, “জিজ্ঞাসাবাদে সে বলেছে, শরীফুল ও শাহীন কিছু একটা করছে এটা তাদের কথায় বুঝা গিয়েছিল। তবে তারা কী করছে বা করেছে তা পরিষ্কার ছিল না।”
শাহীনকে গ্রেপ্তারে তার ভাই সহায়তা করেছেন বলে জানান তিনি।
