২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ: ওয়াকফ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

নিজের কার্যালয়ে বসে ঘুষ নেওয়ার সময় গ্রেপ্তার বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রশাসক মো. মোতাহার হোসেন খানের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র অনুমোদন দিয়েছেন দুর্নীতি দমন কমিশন- দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2018, 06:31 PM

Updated : 19 Aug 2022, 01:27 PM

সোমবার এই অনুমোদন দেওয়া হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

গতবছরের ৫ নভেম্বর নিউ ইস্কাটন রোডে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে ঘুষের ৫০ হাজার টাকাসহ মোতাহার হোসেন খানকে গ্রেপ্তার করে দুদক।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

ওই দিনই দুদকের উপ-সহকারী পরিচালক মো. নাজিম উদ্দীন রমনা থানায় একটি মামলা করেন। তদন্ত করে তিনি নিজেই পরে প্রতিবেদন দেন।

মামলায় অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ১ অগাস্ট ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বাঘৈর জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য মসজিদের শূন্য দশমিক ৯৪ একর সম্পত্তি বিক্রির অনুমতি চেয়ে বাংলাদেশ ওয়াকফ প্রশাসক কার্যালয়ে একটি আবেদন করা হয়।

মসজিদের মোতয়ালি আবুল বাশার বেপারী ওই আবেদনটি করলেও পরে তিনি মোতওয়াল্লি কমিটির সদস্য মো. ফারুক হোসেনকে সম্পত্তি বিক্রির ক্ষমতা হস্তান্তর করেন।

পরে ফারুক হোসেন দুদক অভিযোগ কেন্দ্রের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করেন, তার কাছ থেকে সহকারী প্রশাসক মোতাহার হোসেন কাজটি করে দেওয়ার জন্য পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেছেন।

লেনদেনের দিন মোতাহার হোসেন খান ঘুষ নেওয়ার সময় দুদক দলের সদস্যরা তাকে টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

ওই সময় মোতাহারের প্যান্টের পকেট ও আলমারি তল্লাশি করে আরও ৭৯ হাজার টাকা পাওয়া যায়।

পুরনো খবর:

‘ঘুষ নেওয়ার সময়’ ওয়াকফ কর্মকর্তা গ্রেপ্তার