২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিজেদের রক্ষার তাগিদেই নদী বাঁচাতে হবে’

নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্যই নদীকে বাঁচিয়ে রাখা জরুরি বলে মন্তব্য করেছেন সাবেক গভর্নর আতিউর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2018, 10:40 PM

Updated : 11 Oct 2022, 12:01 PM

রিভারাইন বাংলাদেশ ও অক্সফামের আয়োজনে চার দিনব্যাপী ‘রিভার ক্যাম্প ২০১৮’-এর সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

আতিউর বলেন, “নদী ও জীবন আলাদা কিছু নয়। নদীগুলোকে বাঁচাতে হবে। নিজেদের বাঁচিয়ে রাখার তাগিদেই নদীকে বাঁচাতে হবে।”

টেকসই উন্নয়নের ক্ষেত্রে পরিবেশকে গুরুত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরে নদী রক্ষায় বিনিয়োগের আহ্বান জানান তিনি।

সীমাহীন লোভের কারণে নদীগুলো দখল হয়ে যাচ্ছে মন্তব্য করে আতিউর বলেন, “আমাদের দেশে উপযুক্ত নেতৃত্ব তৈরি করতে হবে, আজকের আয়োজন থেকে নতুন নেতৃত্ব তৈরি হবে, তারা নদী সুরক্ষা আন্দোলন করবে।”

অনুষ্ঠানে অক্সফামের পক্ষ থেকে জাকিয়া হক বলেন, “আজকে যারা ক্যাম্পার তারাই আমাদের শক্তি। চারদিন ধরে তাদের অনেক তাত্ত্বিক ও মাঠপর্যায়ে কাজ করার জ্ঞান দিয়েছেন নদী নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন, মাঠপর্যায়ে কাজ করছেন এমন অ্যাক্টিভিস্টরাG”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিভারাইন পিপল বাংলাদেশের মহাসচিব শেখ রোকন। তিনি বলেন, “সবাই যদি যার যার জায়গা থেকে কাজ করে তবে দক্ষিণ এশিয়ায় নদী আন্দোলন গড়ে তুলতে পারব।”

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল সুইডিশ গভর্নমেন্টের ‘ট্রোসা’ প্রজেক্ট এবং সেন্টার ফর ন্যাচারাল রিসোর্সেস স্টাডিজ (সিএনআরএস)।