২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফার্মগেইটের ওরস যাচ্ছে নারায়ণগঞ্জে

রাজধানীর ইন্দিরা রোড থেকে নারায়ণগঞ্জের বন্দর থানার কদমরসুল এলাকায় যাচ্ছে কুতুববাগ দরবার শরিফের ওরস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2018, 10:10 PM

Updated : 08 Apr 2022, 05:43 PM

প্রায় তিন দশক ঢাকায় করার পর কুতুববাগের আগের ঠিকানায় ফিরল বার্ষিক এই আয়োজন।

কদমরসুল এলাকায় কুতুববাগ দরবার শরিফের নিজস্ব স্থায়ী দরগাতে আগামী ২৫ ও ২৬ জানুয়ারি এই ওরস অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ফার্মগেইটে দরবার শরিফে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন কুতুববাগের পীর মাওলানা হজরত সৈয়দ জাকির শাহ নকশবন্দী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ঢাকার পার্কটিতে (আনোয়ারা উদ্যান) খালি থাকায় গণপূর্ত অধিদপ্তরের অনুমতি নিয়ে তারা সেখানে ওরসের আয়োজন করে আসছিলেন। তবে সিটি করপোরেশনের আপত্তির কারণে তারা ওরসের আয়োজন সরিয়ে নিচ্ছেন।

“এটা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যাওয়ার পর তারা এখানে ওরস আয়োজন না করার জন্য অনুরোধ করে। পার্কটির পাশে মেট্রোরেলের কাজ চলছে। উন্নয়ন কাজ, কিছু মানুষের অভিযোগ সবকিছু বিবেচনায় নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে এখান থেকে আয়োজন সরিয়ে নিয়েছি। এ জন্য আমাদের কোনো কষ্ট নাই, কারও প্রতি কোনো অভিযোগ নাই।”

এখন থেকে কুতুববাগ দরবার শরিফের বার্ষিক ওরস নারায়ণগঞ্জেই আয়োজন করা হবে কি না- এ প্রশ্নে মাওলানা নকশবন্দি বলেন, এটা দরবার শরিফের কমিটি নির্ধারণ করবেন।

“নারায়ণগঞ্জের বাইরে ময়মনসিংহের ত্রিশালেও আমাদের আরেকটি দরগা আছে। এ বছরের পর ওরস আবার কোথায় হবে সেটা দরবার শরিফের ৩৬৫ জনের কমিটিই নির্ধারণ করবে।”

গত শতকের নব্বইয়ের দশকের শুরু থেকে ফার্মগেইটের ইন্দিরা রোড ও খামারবাড়ির মাঝামাঝি জায়গায় অবস্থিত আনোয়ারা পার্কে কুতুববাগ দরবার শরিফের এই ওরস আয়োজিত হয়ে আসছিল।

তাদের এ আয়োজন ঘিরে সেখানে মাসব্যাপী মঞ্চ সাজানোর কাজ চলত। এর সঙ্গে ওরস চলাকালে প্রচুর মাইকের ব্যবহার, আলোকসজ্জা এবং দান হিসেবে আসা গরু-ছাগল সড়কের ওপরে রাখার কারণে দুর্ভোগের অভিযোগ জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা।

প্রয়াত মেয়র আনিসুল হক ২০১৬ সালে ওরস আয়োজনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসেন। সে সময় আয়োজকেরা ২০১৮ সাল থেকে ওরসের কার্যক্রম ঢাকার বাইরে নিয়ে যাওয়ার লিখিত অঙ্গীকার করেন। এরপরেও চলতি বছর ওরস আয়োজনের জন্য আবার আবেদন করা হলে ডিএনসিসি নাকচ করে দেয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের অনুমতি ছাড়াই গত ডিসেম্বরে একই জায়গায় আবার ওরস আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন আয়োজকরা।

ফলে ১৭ ডিসেম্বর ডিএনসিসির অঞ্চল–৫ এর নির্বাহী কর্মকর্তা অজিয়র রহমানের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে আনোয়ারা পার্কে ওরসের জন্য বানানো একটি অস্থায়ী তোরণ ভেঙে দেওয়া হয়। পার্কের ভেতরে মঞ্চ তৈরির অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।