ছায়েদুল, মোস্তফার ‘সততা ও নিষ্ঠা’ স্মরণ করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের রাজনীতিতে ছায়েদুল হক ও গোলাম মোস্তফার ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যক্তি জীবনে সততা, নিষ্ঠা ও একাগ্রতা দিয়ে ওই দুই আওয়ামী লীগ নেতা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।
রোববার সংসদের উনবিংশতম অধিবেশনে শুরুতে শোকপ্রস্তাবের ওপর আলোচনায় শেখ হাসিনা বলেন, “রাজনীতিবিদরা সৎ, নিষ্ঠা, একাগ্র থাকলে দেশের উন্নতি হয়।”
ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে আওয়ামী লীগের টিকেটে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া ছায়েদুল হক গত ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আর গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জের) আসনের সাংসদ গোলাম মোস্তফা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ ডিসেম্বর মারা যান।
প্রধানমন্ত্রী বলেন, “ছায়েদুল হকের মত একজন সৎ ও নিষ্ঠাবান মন্ত্রী আমি পেয়েছিলাম। তিনি দক্ষতা ও সততার সাথে মন্ত্রণালয় চালিয়ে দেশের উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। দেশের মৎস্য সম্পদ উন্নয়নে তার ভূমিকা রয়েছে।”
২০০১ সালের ‘ষড়যন্ত্রের নির্বাচনেও’ ছায়েদুল হক তার ‘জনপ্রিয়তার কারণে’ নির্বাচিত হয়েছিলেন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “তত্ত্বাবধায়ক সরকার সব ধরনের চেষ্টা করেও নির্বাচনে তাকে হারাতে পারেনি।”
ছায়েদুল হক
গোলাম মোস্তফা
আর স্কুল শিক্ষকতার পাশাপাশি রাজনীতি করে যাওয়া গোলাম মোস্তফাকে ‘তৃণমূলের নেতা’ হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, “প্রত্যন্ত অঞ্চলে পড়ে থেকে সব সময় আওয়ামী লীগের জন্য কাজ করতেন। তিনি এমন একটি জায়গা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন যে জায়গাটিতে সন্ত্রাসী কর্মকাণ্ড চলত।”
অন্যদের মধ্যে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, আ স ম ফিরোজ, আইন মন্ত্রী আনিসুল হক, আবদুল মতিন খসরু, কামাল আহমেদ মজুমদার, ফজিলাতুন্নেসা বাপ্পি, মীর শওকত আলী বাদশা ও এবি তাজুল ইসলাম সংসদে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন।
