সেই ‘সারপ্রাইজ’ দিলেন অন্য তারানা
বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণের ক্ষণটি আগেভাগে জানানে চাননি তারানা হালিম। ‘সারপ্রাইজ’ দিতে তা গোপন রেখেছিলেন। কিন্তু ওই ক্ষণটি আসার আগেই দপ্তর বদলে গেল এই প্রতিমন্ত্রীর।
তথ্য প্রতিমন্ত্রী হিসেবে রোববার নতুন দপ্তরে যোগ দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের ওই সারপ্রাইজটি দিলেন সদ্য বিদায়ী ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা।
প্রতিমন্ত্রী হিসেবে দুই বছর চার মাস দায়িত্ব পালনের সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অর্জনগুলো তুলে ধরতে গিয়ে তিনি বলেন, “স্যাটেলাইট উৎক্ষেপণের তারিখ সারপ্রাইজ হিসেবে রেখেছিলাম।
“আমি দায়বদ্ধতা ও জবাবদিহিতার জায়গা থেকে বলছি, সর্বশেষ নির্ধারিত সময় মার্চের ২৭ থেকে ৩১ তারিখের মধ্যে উৎক্ষেপণ হবে, এ কার্যক্রম মোটামুটিভাবে হয়ে গেছে।”
বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ সম্প্রতি বলেছিলেন, আগামী মার্চে ফ্লোরিডার লঞ্চ প্যাড থেকে এ স্যাটেলাইট উৎক্ষেপণ করা যাবে।
যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তি কোম্পানি ‘স্পেসএক্স’ এর ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে গত ১৬ ডিসেম্বরে ফ্লোরিডার কেইপ কেনাভেরালের লঞ্চ প্যাড থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি চলছিল।
কিন্তু হারিকেন আরমায় ফ্লোরিডায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় ওই লঞ্চ প্যাড থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ বন্ধ থাকে। ফলে বিভিন্ন দেশের স্যাটেলাইট উৎক্ষেপণ পিছিয়ে যায় এবং বাংলাদেশ সূচির জটে পড়ে।
ওই সময় এই প্রকল্পটি তারানার মন্ত্রণালয়ের অধীনে থাকলেও এখন তা তার দপ্তরের বাইরে।
মন্ত্রিসভায় রদবদলে নানা গুঞ্জনের মধ্যে তিন দিন পর রোববার তথ্য মন্ত্রণালয়ের কাজে যোগ দেন অভিনেত্রী-সংস্কৃতিকর্মী তারানা হালিম।
এরপর সকালে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানেও আসেন তিনি।
তারানা হালিম নতুন দপ্তরে যোগ দিয়ে প্রায় ১৬ মিনিট তার সময়ে বিভিন্ন সফলতার চিত্র তুলে ধরলেও সেই বিভাগ নিয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি।
আগের মন্ত্রণালয় নিয়ে প্রশ্নের উত্তর দিলে তা ‘অশোভন এবং এখতিয়ার বহির্ভূত’ বলে কারণ দেখান তিনি।
২০১৫ সালের ২১ অক্টোবর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই ‘স্যাটেলাইট সিস্টেম’ কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এরপর প্রায় ২ হাজার কোটি টাকায় ‘স্যাটেলাইট সিস্টেম’ কিনতে থালেসের সঙ্গে চুক্তি করে বিটিআরসি।
‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণে অর্থায়নের জন্য হংক সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) সঙ্গে গতবছর প্রায় এক হাজার ৪০০ কোটি টাকার ঋণচুক্তি করা হয়।
সরকার আশা করছে, এ উপগ্রহ উৎক্ষেপণের পর বিদেশি স্যাটেলাইটের ভাড়া বাবদ বছরে ১৪ মিলিয়ন ডলার সাশ্রয় হবে বাংলাদেশের।
বঙ্গবন্ধু স্যাটেলাইটে ৪০টি ট্রান্সপন্ডার থাকবে, যার ২০টি বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হবে এবং বাকিগুলো ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে।
