২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্য কিছু ভাবার সুযোগ নেই: তারানা

মন্ত্রিসভায় রদবদলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব হারানো তারানা হালিম তিন দিন পর নতুন দপ্তরে যোগ দিয়ে বলেছেন, এই দপ্তর বদল নিয়ে ‘অন্য কিছু ভাবার; সুযোগ নেই।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2018, 04:50 PM

Updated : 19 Aug 2022, 01:22 PM

রোববার সকালে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  দায়িত্ব নেওয়ার পর তথ্য অধিদপ্তর সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তারানা।   

সেখানে প্রায় ১৬ মিনিট তিনি টেলি যোগাযোগ বিভাগে তার সময়ের বিভিন্ন সফলতার চিত্র তুলে ধরলেও ওই বিভাগ নিয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি।

তারানা বলেন, “আমি মনে করি একটি চ্যালেঞ্জিং মিনিস্ট্রি থেকে বিশ্বাস ও আস্থার জায়গায় আরেকটি চ্যালেঞ্জিং কাজ আমাকে দিয়েছেন (প্রধানমন্ত্রী)। আমি কোনোভাবেই মনে করি না এখানে অন্য কিছু ভাবার সুযোগ আছে। কাজ করলে সব জায়গাতেই করা যায়।”

গত ২ জানুয়ারি মন্ত্রিসভায় নতুন চারজনের শপথ নেওয়ার পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে সরিয়ে তারানা হালিমকে করা হয় তথ্য প্রতিমন্ত্রী।

অভিনেত্রী-সংস্কৃতিকর্মী তারানা প্রায় তিন বছর আগে যোগ দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে। ওই মন্ত্রণালয়ে দীর্ঘদিন কোনো মন্ত্রী ছিল না। এখন তিনি তথ্য মন্ত্রণালয়ে কাজ করবেন মন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে।

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বৃহস্পতিবার নতুন দপ্তরে যোগ দিলেও তারানা হালিম সেদিন অফিসে না যাওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। এর মধ্যে টেলি যোগাযোগের দায়িত্ব পাওয়া নতুন মন্ত্রী মোস্তফা জব্বার বুধবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, “টেলিকম ডিভিশনের প্রতিমন্ত্রী সেখানে আর নেই, কেন নেই আমি তা বলব না।”

টেলিকম মন্ত্রণালয়ের এতদিনের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করে নতুন মন্ত্রী বলেছিলেন, “আমি ধারণা করতে পারি নাই যে টেলিকম ডিভিশনে ক্যান্সারের মতো সমস্যা বিরাজ করে, আর তা সমাধান করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি।”

তারানা হালিম রোববার সচিবালয়ে ৮০১ নম্বর কক্ষে তথ্য প্রতিমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কার্যালয়ে যান প্রতিমন্ত্রী তারানা। মন্ত্রীও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মতবিনিময় অনুষ্ঠানে গত চার বছরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে তারানা হালিম বলেন, “আমি আপনাদের অনুরোধ করছি, আগের মন্ত্রণালয় সম্পর্কে কোনো প্রশ্ন না করলে খুশি হব। কারণ সেই মন্ত্রণালয় থেকে আমি আরেকটি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছি।

“কাজেই ওই মন্ত্রণালয়ের বিষয়ে জবাবদিহিতার যেটুকু জায়গা… আমি কী করেছি তার বাইরে কিছু বলা শোভন হবে না। আর আমাকে দিয়ে সেই অশোভন কাজটি আপানারা করাবেন না বলেই আমি বিশ্বাস করি।”

টেলিযোগাযাগ বিভাগ হারানোয় সাংবাদিকদের কষ্টের কথা বলেছিলেন তারানা।

এই দপ্তর বদলের পেছনে বিশেষ কোনো কারণ আছে কি না জানতে চাইলে রোববার তিনি বলেন, “গণমাধ্যমে যারা সংবাদ উপস্থাপন করেন, তারা বিভিন্নভাবে করেন। আমি এটুকু বলতে চাই, সত্যিকার অর্থে সেই বিভাগ সম্পর্কে আমি একটি কথাও বলব না।”

এর ব্যাখ্যায় তিনি বলেন, “সেই বিভাগ থেকে এই বিভাগে এসেছি। আমার কি কোনো রকমের এখতিয়ার আছে সেই বিভাগ সম্পর্কে কথা বলার? এখতিয়ার বর্হিভূত কাজ ছোটবেলা থেকেই করিনি। অশোভন কথা বলাও শিখিনি। আমি আমার শোভন থাকার মাত্রা কোনোভাবেই অতিক্রম করতে চাই না।”

টেলিযোগাযোগ দপ্তর হারানোয় তারানা একটি অনলাইন পোর্টালকে বলেছিলেন, মানুষ হিসেবে বিষয়টি তার ‘গায়ে লেগেছে’।

সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তারানা বলেন, “আপনারা পুরোটা পড়ে দেখলেই পেয়ে যাবেন। আপনারা কিছু কায়দা জানেন, পুরো সংবাদের চারটি লাইন, কোনটা লিখলে মানুষ পড়ে….। ওই কথাটা ছিল স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে। প্রশ্ন করা হয়েছিল ‘উৎক্ষেপণের সময় আপনার কেমন লাগবে, আপনি থাকবেন না’… সেটির স্বাভাবিক একটি উত্তর ছিল। আমি খুব সচেতনভাবে কথা বলি… ।”

এরপর উদাহরণ হিসেবে তারানা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী দিবারাত্র পরিশ্রম করে কমিউনিটি ক্লিনিক করলেন, খালেদা জিয়া এসে বন্ধ করে দিলেন। তখন তাকে যদি জিজ্ঞাস করা হয় যে কমিউনিটি ক্লিনিক বন্ধ হওয়ায় কেমন লেগেছ… এই রকম জিনিস আরকি।”  

এক সময়ের জনপ্রিয় এই টিভি অভিনেত্রীর বলেন, “একটা জিনিস মনে রাখি সবাই- ছোট করলে আর বড় করা যায় না। আমি আসলেই কাউকে ছোট করব না, কখনোই না। আমি মনে করি কাউকে ছোট না করে সবাই একসঙ্গে কাজ করি… আমরা তো মানুষের জন্য নৌকামার্কার জন্য কাজ করতে এসেছি, সেভাবেই কাজ করে যাব।”  

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের গত চার বছরের অর্জনগুরো তুলে ধরে তারানা বলেন, এর মধ্যে যা কিছু সাফল্য, তা সরকারের সাফল্য, শেখ হাসিনার সাফল্য। আর কোনো ব্যর্থতা থাকলে তা তারানা হালিমের।

“প্রধানমন্ত্রী ছিলেন ওই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী, এটা মনে রাখতে হবে আমাদের। যেখানে প্রধানমন্ত্রী দেবেন, সেখানেই সততার সঙ্গে দক্ষতার সঙ্গে কাজ করব, মেধা ও পরিশ্রম দিয়ে করব।”

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মত বিনিময় অনুষ্ঠানের শুরুতে তার স্বাগত বক্তব্যে তারানা হালিম সম্পর্কে বলেন, “তিনি আমাদের মত রাজপথের সৈনিক ছিলেন, সরকার পরিচালনা ও মন্ত্রিপরিষদে সরকার চালানোয় আমরা দীর্ঘদিন ধরে কাজ করেছি। আমি জানি, তিনি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের চালেঞ্জিং কাজ দক্ষতার সাথে করেছেন, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, এজন্য গর্ববোধ করি। আমরা এক সাথে তথ্য মন্ত্রণায়ের কাজ আরও দক্ষতার সাথে করতে সক্ষম হব।”

পুরনো খবর:

নতুন দপ্তরে যোগ দিলেন প্রতিমন্ত্রী তারানা