পচা-বাসি খাবারে ফখরুদ্দিন বিরিয়ানিকে জরিমানা
পচা-বাসি বিরিয়ানি ও মেয়াদোত্তীর্ণ বোরহানি বিক্রির দায়ে ঢাকার নাম করা বিরিয়ানির দোকান ফখরুদ্দিন বিরিয়ানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ঢাকা উত্তর সিটি করপোরেশের ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার শ্যামলীর রিংরোড এলাকায় ফখরুদ্দিন বিরিয়ানির আউটলেটে অভিযান চালিয়ে ২৩ হাজার টাকা জরিমানা করে।
এ সময় বাসি খাবার ডিপ ফ্রিজে রেখে বিক্রির অভিযোগে আরেক জনপ্রিয় খাবারের দোকান শর্মা হাউজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অজিয়র রহমান জানান, শ্যামলীর ৯/ক পিসিকালচার হাউজিংয়ে অবস্থিত ফখরুদ্দিন বিরিয়ানির বিরুদ্ধে পচা খাবার বিক্রির অভিযোগ আগেই পেয়েছিলেন তিনি।
শর্মা হাউজকে জরিমানার কারণ জানিয়ে তিনি বলেন, আগের দিন রান্না করা বাসি খাবার তারা ডিপ ফ্রিজে রেখেছে। একই সঙ্গে কাঁচা মাংস ও রান্না করার অন্যান্য উপাদান একই ফ্রিজে রেখেছে। এজন্য তাদের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিনই আগারগাঁওয়ে বাণিজ্য মেলায় যাওয়ার সড়কে অভিযান চালিয়ে প্রায় দুইশটির মতো অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।
