অটোরিকশার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি
মেয়াদোত্তীর্ণ অটোরিকশার মেয়াদ তিন মাস বাড়ানোকে ‘অনৈতিক’ আখ্যা দিয়ে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে ঐক্য পরিষদের ঢাকা কমিটির সদস্য সচিব সাখাওয়াত হোসেন দুলাল এ দাবি জানান। সমাবেশ শেষে এই দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা।
ঢাকা ও চট্টগ্রামের আট হাজারের মতো অটোরিকশার মেয়াদ গত ৩১ ডিসেম্বর শেষ হয়। ওই দিনই এসব অটোরিকশার ‘ইকোনমিক লাইফ’ তিন মাস বৃদ্ধি করে আদেশ জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
ঐক্য পরিষদের অভিযোগ, ঢাকা ও চট্টগ্রাম নগরীতে ১৫ বছর ধরে যেসব অটোরিকশা চলছে, সেগুলোর ইঞ্জিন ও চেসিস পুরনো হয়ে কার্যকারিতা হারিয়েছে। চেসিস ও ইঞ্জিন প্রতিস্থাপন করা না হলে দুর্ঘটনায় যাত্রী ও চালকের প্রাণহানির আশঙ্কা রয়েছে।
এসব কারণে বেশ কয়েক মাস ধরে অটোরিকশার ‘ইকোনমিক লাইফ’ বাড়াতে মালিকপক্ষের দাবির বিরোধিতা করে আসছে সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ।
সমাবেশ শেষে সাখাওয়াত হোসেন দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়াদোত্তীর্ণ প্রাণঘাতী অটোরিকশার মেয়াদ বাড়ানোর বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আমরা তীব্র নিন্দা জানাই। অটোরিকশা শ্রমিকদের ধারাবাহিক আন্দোলনের ও বিরোধিতার মধ্যে শ্রমিক নেতাদের সাথে কোনো যোগাযোগ না করে তিন মাস মেয়াদ বৃদ্ধি শ্রমিকদের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়।”
‘লাইফ টাইম’ শেষ হওয়ার পরও মেয়াদোত্তীর্ণ লক্কর-ঝক্কড় সিএনজি অটোরিকশার নতুন করে সময় বৃদ্ধির পেছনে ‘অবৈধ ঘুষ বাণিজ্য’ রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সমাবেশ থেকে মন্ত্রণালয়ের ‘হঠকারী’ সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।
ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের সমাবেশে সংগঠনটির ঢাকা কমিটির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক চৌধুরী সভাপতিত্ব করন।
এতে চট্টগ্রাম জেলা শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. শাহাজাহান, রফিকুল ইসলাম, কামাল আহমেদ, সাইফুর রহমান নুর মোর্শেদসহ আরও অনেক শ্রমিক নেতা ও শ্রমিক অংশ নেন।
ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিকদের ঘোষিত আট দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিও জানান তারা।
ঐক্য পরিষদের আট দফা
>> ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচল করা মেয়াদোত্তীর্ণ অটোরিকশা অপসারণ করে নতুন অটোরিকশা প্রতিস্থাপন
>> ঢাকায় চালকদের নামে পাঁচ হাজার এবং চট্টগ্রামে চার হাজার অটোরিকশা বিতরণ
>> উবার, পাঠাওয়ের মতো অ্যাপনির্ভর পরিবহন সেবা বন্ধ করা
>> খসড়া পরিবহন আইন থেকে ‘শ্রমিক স্বার্থবিরোধী’ ধারা বাতিল
>> ড্রাইভিং লাইসেন্স নবায়নে ব্যবহারিক পরীক্ষা বন্ধ করা
>> অননুমোদিত পার্কিংয়ের জন্য মামলা না করা
>> চালকদের ‘হয়রানি’ বন্ধ করা
>> নিবন্ধিত অটোরিকশা চালকদের ঢাকা জেলার সব জায়গায় চলাচলের অনুমতি দেওয়া
