গতানুগতিক শিক্ষায় পরিবর্তন দরকার: পলক
চতুর্থ শিল্প বিপ্লবের কথা মাথায় রেখে বাংলাদেশের গতানুগতিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তনে তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধির আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মঙ্গলবার বিকালে ফ্রেন্ডশিপের আইসিটি-এইডেড স্কুলের শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের কথা মাথায় রেখে আমাদের গতানুগতিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে। গুণগত মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে গেলে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। শিক্ষা ব্যবস্থায় আমূল এক পরিবর্তন আনতে হবে।”
বাংলাদেশের মানুষের পাঁচ মৌলিক চাহিদা পূরণে তথ্যপ্রযুক্তিকে আরও বেশি কাজে লাগানোর লক্ষ্যে কাজ করার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “শহর, গ্রামে প্রযুক্তি সেবার বৈষম্য কমিয়ে আনতে তথ্যপ্রযুক্তি বিভাগ কাজ করবে। আইসিটি বেসড স্কুলের শিক্ষকদের প্রযুক্তি সহায়তায় আইসিটি বিভাগ কাজ করবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক সৈয়দা তাহমিনা আক্তার, ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আয়েশা তাসিন খান।
বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য, শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন ও সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে কাজ করছে ফ্রেন্ডশিপ।
ফ্রেন্ডশিপের সুশাসন ও শিক্ষা বিভাগের প্রধান আয়েশা তাসিন খান বলেন, “দক্ষ শিক্ষকের অভাব, বিদ্যুৎ বা মোবাইল নেটওয়ার্কের অনুপস্থিতি এবং ভৌগোলিক দূরত্বের কারণে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রাথমিক বিদ্যালয় পাস করা অধিকাংশ শিক্ষার্থী তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে না। এই বাস্তবতায় ২০১৪ সালে ফ্রেন্ডশিপ একটি আইসিটি-বেসড শিক্ষা পদ্ধতি ডিজাইন করে। এ কার্যক্রমের উদ্দেশ্য ছিল, প্রত্যন্ত এলাকার মানুষগুলোর জন্য স্বাস্থ্যসম্মত শিক্ষার ব্যবস্থা করা।”
তিনি জানান, ফ্রেন্ডশিপ উত্তরাঞ্চলের গাইবান্ধা, কুড়িগ্রাম ও সাতক্ষীরার চারটি উপজেলার প্রত্যন্ত চর এলাকায় সাতটি আইসিটি এইডেড স্কুল পরিচালনা করে।
২০১৭ সালে ফ্রেন্ডশিপ মাধ্যমিক বিদ্যালয়গুলোর ১০০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। মোট ৫৬ জন জেএসসি পাস করে, যাদের ভেতর ৯৮.২% শিক্ষার্থী এ বা এ- পায়। পিইসি পরীক্ষায়ও ফ্রেন্ডশিপ স্কুলগুলোর পাসের হার শতভাগ।এবার পিইসিতে উন্নীতের সংখ্যা গত বছরের ৩৭৫ জন থেকে বেড়ে ৫৪৩ জন হয়েছে।
আয়েশা তাসিন খান জানান, ফ্রেন্ডশিপের পক্ষ থেকে ২০১৫ সালে একই পদ্ধতিতে পাইলট প্রকল্প হিসেবে মাধ্যমিক বিদ্যালয় চালু করা হয়। সৌর প্যানেল সমর্থিত এই স্কুলগুলোর প্রতিটি ক্লাস রুমে একটি কম্পিউটার ও দুটি স্ক্রিন রয়েছে।
রাজধানীর সেরা স্কুলগুলো থেকে নির্বাচিত শিক্ষকদের নিয়ে ঢাকায় ফ্রেন্ডশিপের রেকর্ডিং স্টুডিওগুলোতে ক্লাস রেকর্ড করা হয়। রেকর্ডকৃত ক্লাস ফ্রেন্ডশিপের ওই স্কুলে দেখানো হয়।
এখন ফ্রেন্ডশিপের ৭৯টি প্রাথমিক বিদ্যালয়ে ৪ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী আছে। মাধ্যমিক স্কুলে আছে ২৪৪ জন শিক্ষার্থী।
