পিঠা-পুলিতে জমজমাট আড্ডা বিডিনিউজ টোয়েন্টিফোরে
নতুন বছরের পূর্বক্ষণে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মিলিত হয় এক অন্য রকম আড্ডায়।
রোববার সন্ধ্যার এই আয়োজনে ঘরে তৈরি পিঠাপুলি আর সাধাসিধে রাতের খাবারের সঙ্গে জমে ওঠে ঘরোয়া আড্ডা।
এই আয়োজনে অংশ নেন রাজনীতিক, আইনজীবী, ব্যাবসায়ী, কূটনীতিকসহ বিভিন্ন পেশার শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা।
বছরের শেষ দিনের এই আড্ডায় অংশগ্রহণকারীরা পারস্পরিক এই আড্ডায় সারা বছরের নানা ঘটনার স্মৃতিচারণ করেন।
আড্ডার ফাঁকে ফাঁকে অতিথি আপ্যায়ন শুরু হয় ডাবের পানি, তেঁতুলের রসের শরবত দিয়ে।
লাল চাল ও বাসমতী চালের ভাতের সাথে সালাদ, চিংড়ী ভর্তা, গরুর মাংস, মলা, লইট্যা শুটকি ভুনার ব্যবস্থা ছিলো। ছিল কাচ্চি বিরিয়ানিরও ব্যবস্থা।
প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সংসদের হুইপ ইকবালুর রহিম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম এই আড্ডায় ছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আবদুল মঈন খান এবং দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তৌফিক-ই-ইলাহীর সঙ্গে আমীর খসরু ও মঈন খানকে একইসঙ্গে বেশ খানিকক্ষণ আড্ডা দিতে দেখা যায়। সেই আড্ডায় ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স জোয়েল রেইফম্যান, বিমসটেকের মহাসচিব কূটনীতিক শহীদুল ইসলামও যোগ দেন।
বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়াল এডমিরাল আবু মোজাফ্ফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী, বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী শাহজাহান মাহমুদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সিএমএইচের ক্লাসিফাইড আই স্পেশালিস্ট কর্নেল ডা. জুলফিকার হাসানের সঙ্গে আসে তার মির্জাপুর ক্যাডেট কলেজে পড়ুয়া ছেলে সাবিক হাসান।
তাকে কবরীর সঙ্গেও ছবি তুলতে দেখা যায়। তার আবদার আনন্দের সাথে পূরণ করতে দেখা গেছে বাংলা সিনেমার এই অভিনেত্রীকে।
