ডিক্যাবের নেতৃত্বে লোটাস- মিশু
ঢাকার কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেট এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিক্যাব) সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন ডেইলি স্টারের রেজাউল করিম লোটাস। আর সাধারণ সম্পাদক হয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু।
রোববার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে লোটাস পেয়েছেন ১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউজ টোয়েন্টি ফোরের আঙ্গুর নাহার মন্টি পেয়েছেন ১৩ ভোট। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর প্রার্থী ইন্ডিপেনডেন্ট পত্রিকার হুমায়ুন কবির পেয়েছেন ১ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইউএনবি’র এ কে এম মঈন উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউ এজের সাহিদুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৯ ভোট।
ডিবিসি নিউজের ইশরাত জাহান উর্মি যুগ্ম সম্পাদক, মানবজমিনের মিজানুর রহমান কোষাধ্যক্ষ ও জনকণ্ঠের তৌহিদুর রহমান দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া যুগান্তরের মাসুদ করিম, ইত্তেফাকের মা্ঈনুল আলম, প্রথম আলোর রাহীদ এজাজ, সংবাদের সালাম জোবায়ের ও বাংলা ট্রিবিউনের শাহরিয়ার জামান সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই ভোট অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এম শফিকুল করিম। অপর দুই কমিশনার শ্যামল দত্ত ও নিজাম উদ্দিন।
এর আগে রেজাউল করিম লোটাসের সভাপতিত্বে ডিক্যাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিদায়ী সাধারণ সম্পাদক পান্থ রহমান ও কোষাধ্যক্ষ নুরুল ইসলাম হাসিব বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।
