২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে আলোকিত হবে প্রতি ঘর: প্রধানমন্ত্রী

২০২১ সালের মধ্যে সারা দেশে শতভাগ বিদ্যুৎ সংযোগ দেওয়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একুশে এদেশের প্রতিটি ঘর আলোকিত হবে।

সুমন মাহবুব

যশোর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2017, 07:19 PM

Updated : 19 Aug 2022, 06:17 PM

বিদ্যুৎ সংকটের নিরসনসহ অন্যান্য ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট চেয়েছেন তিনি।

প্রায় তিন বছর পর শনিবার যশোরে জনসভায় বক্তব্যে শেখ হাসিনা বলেন, “অতীতে নৌকায় যেমন ভোট দিয়েছেন, তেমনি এবারও আওয়ামী লীগের প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন।”

এর আগে ২০১৪ সালের শুরুতে নির্বাচনে জয়ী হওয়ার পর ২৩ জানুয়ারি অভয়নগরের মালোপাড়ায় এক জনসভায় বক্তৃতা দেন আওয়ামী লীগ সভানেত্রী।

প্রধানমন্ত্রীর এই জনসভা ঘিরে পুরো যশোর শহরই ব্যানার,ফেস্টুন আর তোরণে ছেয়ে যায়।

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে যশোরের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নাম এই সব ব্যানার, ফেস্টুন ও তোরণে দেখা যায়।

আওয়ামী লীগই দেশের জনগণের উন্নয়ন নিশ্চিত করতে পারে দাবি করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে দারিদ্র্য ও অশিক্ষিত মানুষ থাকবে না।

‘বিএনপি শুধু হত্যা,খুন ও দুর্নীতি করতে পারে’ মন্তব্য করে তিনি বলেন, তারা ক্ষমতায় গেলে ‘ভূতের মতো’ দেশ চালাবে।

“তারা অদ্ভূত হয়ে আসে আর ভূতের মতো দেশ চালায়।”

প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে এই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “ভূতের পা উল্টো দিকে থাকে বলে তারা পেছনের দিকে চলে। সেভাবে বিএনপি ক্ষমতায় আসলেও দেশকে পেছনের দিকে নিয়ে যায়।”

২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসার পর দলটির নেতাদের স্বজনরাও লুটপাটে জড়িত ছিল অভিযোগ করেন তিনি।

বিএনপির আন্দোলনে বাসে পেট্রোল বোমা নিক্ষেপে দগ্ধ হয়ে সাধারণ নাগরিকদের মৃত্যুর ঘটনাগুলো উল্লেখ করে তিনি বলেন, “মানুষ পুড়িয়ে মারা, এটা কোন ধরনের আন্দোলন?

“যারা এ ধরনের ধ্বংসাত্মক কাজ করে তারা দেশের উন্নয়ন করতে পারে না।”

পদ্মা সেতুর রেল লাইন যশোর হয়ে বেনাপোল পর্যন্ত যাবে বলে বক্তব্যে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

উন্নয়নের ধারাবাহিকতার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি। আমরা বিজয়ী জাতি হিসাবে বিশ্ব সভায় এগিয়ে যেতে চাই।”

এদিন যশোরে কপোতাক্ষ নদের পানি ব্যবস্থাপনার উন্নয়নসহ ১৭ প্রকল্পের উদ্বোধন এবং ১১টি প্রকল্পের ভিত্তিফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

“আমি আপনাদের উপহার দিয়ে গেলাম। এই কাজগুলো অতি দ্রুত শেষ হবে।”