প্রশ্ন ফাঁস বন্ধের দাবিতে মানববন্ধন
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থান গুণগতমান ফিরিয়ে আনতে প্রশ্নপত্র ফাঁস বন্ধের দাবিতে মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন।
রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে যৌথভাবে এই কর্মসূচি পালন করে মজদুর পার্টি, গণমোর্চা, বাংলাদেশ দেশপ্রেমিক পার্টি ও নাগরিক উন্নয়ন ফোরাম।
মানববন্ধনে নাগরিক উন্নয়ন ফোরামের সভাপতি মশিউর রহমান বাবুল বলেন,“বাংলাদেশের শিক্ষার মান ধংস করছে প্রশ্ন ফাঁস। প্রাথমিক থেকে শুরু হয়ে সকল পরীক্ষায় প্রশ্ন ফাঁস হচ্ছে। একটা জাতিকে ধংস করার জন্য প্রশ্নফাঁসই যথেষ্ট।
“এই মহামারি আকারে প্রশ্নপত্র ফাঁস বন্ধে মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।”
গণমোর্চার সমন্নয়ক মোহাম্মদ মাসুম বলেন,“বিগত কয়েক দশকে শিক্ষাক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন হওয়া সত্বেও শিক্ষার গুণগতমানের ক্রমাগত পতন ঘটছে।”
প্রশ্ন ফাঁস ঠেকাতে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
মানববন্ধনে বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ পার্টির সভাপতি মো. সিরাজুল ইসলাম বলেন,“প্রশ্নপত্র ফাঁস নামের এই মহামারি বন্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।”
মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামসুল আলম, বাংলাদেশ দেশপ্রেমী পার্টির সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম সাবুও মানববন্ধনে বক্তব্য রাখেন।
