আইন-শৃঙ্খলাবাহিনী সচেষ্ট ছিল বলেই নিখোঁজরা ফিরছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সাম্প্রতিক সময়ে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে কয়েকজনের ফিরে আসার ঘটনায় পুলিশের কোনো ভূমিকা দৃশ্যমান না হলেও ওই কৃতিত্ব আইন শৃঙ্খলাবাহিনীকে দিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শুক্রবার সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেছেন, “আমিতো বলব আইন-শৃঙ্খলা বাহিনী সচেষ্ট ছিল বলেই এরা ফেরত আসছে। আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের গোয়েন্দা বাহিনী এগুলো নিয়ে কাজ করছে।”
মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী চলতি বছর বিভিন্ন সময়ে ৫৫ জনের নিরুদ্দেশ হওয়ার খবর সংবাদমাধ্যমে এসেছে, তাদের মধ্যে ফিরে এসেছেন মাত্র দশ জন।
যারা ফিরে এসেছেন, তাদের সবাই বলেছেন, অপহরণকারীরা তাদের কোনো একটি ঘরে দীর্ঘদিন আটকে রেখেছে, নিয়মিত খাবার দিয়েছে এবং এক সময় কোনো এক জায়গায় ছেড়ে দিয়ে গেছে। চোখ বাঁধা থাকায় অপহরণকারীদের তারা দেখতে পাননি।
দেড় মাস নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার রাত ১টার দিকে বনশ্রীর বাসায় ফিরে আসেন ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসান সিজার।
শুক্রবার সকালে তিনি সাংবাদিকদের বলেন, রাতে চোখ বেঁধে একটি মাইক্রোবাসে করে তাকে ঢাকা বিমানবন্দর এলাকায় নামিয়ে দেওয়া হয়। পরে একটি অটোরিকশা ডেকে তিনি বাসায় পৌঁছান। তাকে অপহরণ করা হয়েছিল টাকার জন্য।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি)
তাকে একটি মাইক্রোবাসে করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি সিএনজি ফিলিং স্টেশনে নামিয়ে দেওয়া হয়। উৎপলও বলেছেন অপহরণকারীরা তার কাছে টাকা চেয়েছিল।
গত ২৭ অগাস্ট গুলশান থেকে ব্যবসায়ী অনিরুদ্ধ রায়কে তুলে নেওয়ার অভিযোগ করে তার পরিবার। ১৮ নভেম্বর তিনি নিজে নিজেই বাড়ি ফেরেন।
পরে অনিরুদ্ধের নামে সংবাদমাধ্যমে চিঠি পাঠিয়ে বলা হয়, তিনি ‘ব্যবসায়িক প্রতিহিংসার শিকার’।
তাদের সবার অন্তর্ধানের ক্ষেত্রেই পরিবারের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তাদের কারও ‘উদ্ধার’ পুলিশের হাত দিয়ে হয়নি। কারা কেন তাদের নিয়ে গিয়েছিল, সে বিষয়েও পুলিশ তদন্ত করে কোনো তথ্য দিতে পারেনি।
সিজার ফেরার পর শুক্রবার বিকালে হাতিরঝিলে নৌকা বাইচ দেখতে আসা স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আমরা তাদের জিজ্ঞাসাবাদ করিনি। জিজ্ঞাসাবাদ করলেই আপনাদের জানাতে পারব- কীভাবে, কী কারণে তারা উধাও হয়েছিল।”
এসব নিখোঁজ হওয়ার ঘটনায় বারবার আইন-শৃঙ্খলা বাহিনীর দিকেই অভিযোগের আঙুল তুলেছে মানবাধিকার সংস্থাগুলো। আর সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবরই তা অস্বীকার করে এসেছে।
তবে সম্প্রতি পুলিশের জঙ্গিবাদবিরোধী কাজের ফিরিস্তি দিতে গিয়ে একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা নিজেই স্বীকার করে নেন যে কাউকে কাউকে ধরার পর তথ্য জানতে তাদের কৌশল নিতে হয়; ধরার বিষয়টি বলতে পারেন না।
