২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎপলের মত সিজারও বললেন, তুলে নেওয়া হয়েছিল টাকার জন্য

নিখোঁজ হওয়ার দেড় মাস পর বাড়ি ফিরে ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসান সিজার বলেছেন, তাকে অপহরণ করা হয়েছিল টাকার জন্য।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2017, 04:02 PM

Updated : 12 Apr 2022, 12:58 AM

শুক্রবার সকালে বনশ্রীর বাসার সামনে তিনি সাংবাদিকদের বলেছেন, অন্ধকার ঘরে ময়লা তোশকে ঘুমিয়ে আর হোটেলের ঠাণ্ডা খাবার খেয়ে তার দেড় মাস কেটেছে।

কারা, কোন জায়গা থেকে কীভাবে সিজারকে ধরে নিয়ে গিয়েছিল, তা স্পষ্ট হয়নি তার কথায়। কথা বলার সময় তাকে সুস্থ মনে হচ্ছিল না।

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মী, সাংবাদিক, ব্যবসায়ী বহু মানুষের একের পর এক নিখোঁজ হওয়ার খবরের মধ্যে ৭ নভেম্বর বিকালে নিরুদ্ধেশ হন সিজার। সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর রাতে বাড়ি না ফেরায় খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার।

তার সন্ধান দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সতীর্থ এবং নর্থ সাউথের শিক্ষকরা মানববন্ধনের মত কর্মসূচি পালন করেন। আইনশৃঙ্খলা বাহিনীর দিকেও অভিযোগের আঙুল তোলেন অনেকে। তবে পুলিশ বরাবরই বলেছে, তারা সিজারকে আটক করেনি।

সাম্প্রতিক সময়ে নিখোঁজদের মধ্যে সাংবাদিক উৎপল দাস গত মঙ্গলবার ফিরে এসে বলেন, অপহরণকারীরা তার কাছে টাকা চেয়েছিল। তার তিন দিন পর বাড়ি ফিরে সিজারও একই কথা বলেছেন।   

আড়াই মাস নিখোঁজ থাকা উৎপলকে একটি মাইক্রোবাসে করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি সিএনজি ফিলিং স্টেশনে রেখে যাওয়া হয়েছিল। সিজার বলেছেন, তাকেও বৃহস্পতিবার রাতে চোখ বেঁধে একটি মাইক্রোবাসে করে ঢাকা বিমানবন্দর এলাকায় নামিয়ে দেওয়া হয়।

মুক্তি পাওয়ার পর একটি অটোরিকশায় করে রাত ১টার দিকে বাসায় পৌঁছান সিজার। তাকে ছেড়ে দেওয়া হবে, না মেরে ফেলা হবে- তা নিয়ে অপহরণকারীদের আলোচনা শোনার কথাও তিনি বলেছেন।  

“আসার সময় তাদের মধ্যে বিভিন্ন রকম ডিসকাশন… কোনো একটা কিছু হয়েছে। আমারে চোখে গামছা বাঁধা… তাদের মধ্যে টাকা পয়সা নিয়ে… গামছা বাধা অবস্থায় কাল রাতে নামায়ে দিসে। গাড়ীর মধ্যে একটা বাক বিতণ্ডা হয়েছে। এক ঘণ্টাও হতে পারে দেড় ঘণ্টাও হতে পারে, এয়াপোর্ট রোডে আমাকে চোখ বান্ধা অবস্থায় কোলের মধ্যে শোয়ায়ে রেখেছিল।

“আমাকে বলল- ‘তুই যাগা, পেছন ফিরে তাকালে মাইরা ফালামু’। এয়ারপোর্ট রোড থেকে আমার কাছে টাকা পয়সা ছিল না, সিএনজি থামাইসি, বাসায় এসে সিএনজিওলার কাছ থেকে আব্বাকে ফোন দিসি যে তোমরা ৫০০ টাকা নিয়ে আস। সিএনজিওলাকে ৫০০ টাকা দিসে।”

গত দেড় মাসের অভিজ্ঞতা জানিয়ে সিজার বলেন, “ময়লা তোশক, জানলা আছে বাইরে থেকে সিল করা। ওই সাইডে একটা রুম আছে সেখানে ৪/৫ জন কথা বলছে। তারপর এখানেই ছিলাম। আমি অনেক দিন পর দিনের আলো দেখছি।”

কেন অপহরণ করা হয়েছিল- এমন প্রশ্নে ধর্ম ও জঙ্গিবাদ নিয়ে একটি গবেষণা প্রকল্পে যুক্ত থাকা এই শিক্ষক বলেন, “মূল বিষয়টা হচ্ছে টাকাপয়সাই, ওরা হয়ত বুঝে নাই। মিডিয়াকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আমরা নরমাল ফ্যামিলি, এরা হয়ত প্রোফাইলটা বুঝতে পারে নাই। একটা সময় বলেছিল- ‘তুই তো অনেক জায়গায় কাজ করস…টাকা…।

“আমার কাছে ২৭ হাজার টাকা ছিল, নিয়ে নিছে। ক্রেডিটকার্ড সেদিন আমি নিইনি। এদের মধ্যে বাকবিতণ্ড ছিল একটা জিনিস নিয়ে- ‘এরে কি ছাড়ব, না মারব?’ কোনো একটা ব্যাপারে আমার ধারণা হয়েছে, ওদের মধ্যে কেউ মিসিং… কোনো একটা কিছু হয়েছে, ওরা খুবই ভয় পেয়েছে।

“মাঝখানে একটা কথা বলেছিল- ‘টাকা পয়সার ব্যাপারে তোর ফ্যামিলি বা বড় কেউ আছে কিনা, ফোন দে’। বেসিক্যালি হয়ছে কি, কিডন্যাপ না হইলে বুঝা যাবে না বিষয়টা কতটুকু আনরিয়েল।”

অপহরণকারীদের সঙ্গে কোনো কথা হয়েছে কি না জানতে চাইলে সিজার বলেন, “যতটুক মনে আছে, হোটেল থেকে দিত ঠাণ্ডা খাবার। এরা মুক্তিপণ চায় বা চায় না আই ডোন্ট নো, আমার সাথে কিছু কথা নাই, একদিন হয়ত তোমাদের (পরিবারের সদস্যদের দেখিয়ে) ফোন দিয়েছিল। কী ডিসকাশন হয়েছিল আই ডোন্ট নো। জিনিসটা… মানুষের জীবনের কিছু মিস্ট্রি থাকে, সমস্যাটা হয়েছে- কিছু দেখতে পাই নাই।”

এ সময় সাংবাদিকরা আরও প্রশ্ন করতে থাকলে সিজারের বাবা বলেন, “ও এত কিছু কথা বলতে পারবে না, ও মাথার অসুস্থ…আমি বলছি।”

সিজার তখন বলেন, “আমি আসার পর দেখছি মিডিয়া অনেক হেল্প করেছে, আমার শিক্ষকরা মানববন্ধন করেছে আমাকে নিয়ে… ছোটভাই বড়ভাই, প্লিজ দোয়া করবেন। (আমরা) নরমাল ফ্যামিলি, সাইক্লোনের মত একটা ই গেছে, আমাদের সবার জন্য দোয়া করবেন।”

সিজারের বাবা মোতাহের হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আল্লাহর কাছে শুকরিয়া, মিডিয়া-আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কৃতজ্ঞতা। আমি আর কিছু চাই না।”

সিজার বাসায় আসার পর আইনশৃঙ্খলা বাহিনীর ১০/১২ সদস্য এসেছিলেন জানিয়ে তিনি বলেন, “থানায় যে জিডি করেছিলাম সেই বিষয়ে আইনি ব্যবস্থা যা হবার তা হবে।”

আর সিজারের ছোট বোন তামান্না তাসমিন বলেন, “আমার ভাই শারীরিকভাবে মোটামুটি ঠিক আছে, তবে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত।”

সাম্প্রতিক সময়ে নিখোঁজদের মধ্যে সিজার, উৎপল, ব্যবসায়ী অনিরুদ্ধ রায়সহ ছয়জন পরিবারের কাছে ফিরে এসেছেন। তাদের মধ্যে অনিরুদ্ধ রায়ের নামে সংবাদমাধ্যমে পাঠানো এক চিঠিতে বলা হয়, তিনি ‘ব্যবসায়িক প্রতিহিংসার শিকার’।

মানবাধিকারকর্মীদের অব্যাহত সমালোচনার মুখে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সম্প্রতি বলেছিলেন, নিখোঁজদের সন্ধানে তৎপরতা চলছে, ধীরে ধীরে সবাইকে ফিরে পাওয়া যাবে।