২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনিরুদ্ধের পর ফিরে এলেন উৎপল

দুই মাসের বেশি নিখোঁজ থেকে ফিরে এসেছেন সাংবাদিক উৎপল দাস।

রিয়াজুল বাশার

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2017, 12:15 AM

Updated : 12 Apr 2022, 12:57 AM

নিখোঁজদের মধ্যে তার আগে সর্বশেষ পরিবারের কাছে ফেরেন ব্যবসায়ী অনিরুদ্ধ রায়, তিনিও আড়াই মাস ‘অজ্ঞাতবাসে’ ছিলেন।

অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডি ডটনিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক উৎপল (২৯) গত ১০ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার রাত ১২টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজের অবস্থানের খবর জানান তিনি।

রাজু হামিদ নামে তার এক বন্ধু এ খবর জানানোর পর তার মোবাইলে ফোন করলে উৎপল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাই আমি এখন রূপগঞ্জের আধুরিয়াতে আছি। এখান থেকে নরসিংদী যাওয়ার গাড়ি খুঁজছি।”

‘পরে কথা হবে’ বলে ফোন রেখে দেন তিনি।

প্রায় একই সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক লিটন হায়দারের সঙ্গেও মোবাইল ফোনে কথা হয় উৎপলের।

উৎপলের বাবা চিত্তরঞ্জন দাসও ছেলে ফিরে আসার কথা নিশ্চিত করেছেন।

তিনি মোবাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মায়ের সঙ্গে উৎপলের কথা হয়েছে। সে এখন রূপগঞ্জে আছে বলে জানিয়েছে।”

রাত ১টার দিকে উৎপলকে ভুলতা পুলিশ ফাঁড়িতে নেওয়া হয় বলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কে বা কারা মাইক্রোবাস থেকে আধুরিয়ায় একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে নামিয়ে দিয়ে গেছে। পরে ফিলিং স্টেশনের লোকজন ভুলতা ফাঁড়িতে ফোন করলে পুলিশ গিয়ে তাকে নিয়ে আসে।”

উৎপল এখন পুলিশ হেফাজতে রয়েছেন জানিয়ে মোস্তাফিজুর বলেন, তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।

উৎপলের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার থানাহাটি এলাকায়। ঢাকার ফকিরাপুলের ১ নম্বর গলিতে ভাড়া বাসায় থাকতেন তিনি।

গত ১০ অক্টোবর দুপুরে মতিঝিলে পূর্বপশ্চিম অফিস থেকে বের হওয়ার পর থেকে তার খোঁজ মিলছিল না। ওইদিন থেকে তার মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছিল।  গত ৫ নভেম্বর টাঙ্গাইলের মির্জাপুরের একটি হাসপাতালে উৎপলকে পাওয়ার ভুয়া খবর চাউর হয়েছিল।

উৎপল ছাড়াও গত চার মাসে ঢাকায় রাজনীতিক, কূটনীতিক, শিক্ষক ও ব্যবসায়ী মিলে ডজনখানেক মানুষ নিখোঁজ হন।

সর্বশেষ ৪ ডিসেম্বর সন্ধ্যায় বিদেশফেরত মেয়েকে আনতে ধানমণ্ডির বাসা থেকে গাড়ি নিয়ে বিমানবন্দরের উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন সাবেক কূটনীতিক এম মারুফ জামান।

সাম্প্রতিক সময়ে নিখোঁজদের মধ্যে উৎপল ও অনিরুদ্ধ রায়সহ পাঁচজন পরিবারের কাছে ফিরে  এসেছেন।

গত ২৭ অগাস্ট বিকালে গুলশানের এক নম্বর সেকশনে একটি ব্যাংকের সামনে থেকে একটি মাইক্রোবাসে অনিরুদ্ধকে তুলে নেওয়া হয়েছিল বলে সে সময় তার গাড়িচালক জানিয়েছিলেন।

গত ১৮ নভেম্বর পরিবারের কাছে ফিরে আসা অনিরুদ্ধ রায় সংবাদমাধ্যমে চিঠি পাঠিয়ে বলেছিলেন, তিনি ‘ব্যবসায়িক প্রতিহিংসার শিকার’।

তবে এতদিন তিনি কোথায় কীভাবে ছিলেন- সেসব বিষয়ে কিছু বলা হয়নি ওই চিঠিতে।

মানবাধিকারকর্মীদের অব্যাহত সমালোচনার মুখে তার কয়েকদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছিলেন, নিখোঁজদের সন্ধানে তৎপরতা চলছে, ধীরে ধীরে সবাইকে ফিরে পাওয়া যাবে। 

সাংবাদিক উৎপল ফেরায় ‘বুকের পাথর নেমে গেছে’ বলে প্রতিক্রিয়া জানিয়েছেন পূর্বপশ্চিমবিডি ডটনিউজের প্রধান সম্পাদক পীর হাবিবুর রহমান।

উৎপলের সন্ধান দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।

[প্রতিবেদনটিতে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন কাজী মোবারক হোসেন ও নারায়ণগঞ্জ প্রতিনিধি]

পুরনো খবর:

সাংবাদিক উৎপলকে পাওয়ার ভুয়া খবর