২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ শ্রেণি পর্যন্ত প্রশ্ন ফাঁসে সরকারের দায় নেই: সংসদীয় কমিটি

দেশের বিভিন্ন স্থানে প্রথম থেকে চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁসে সরকারের কোনো দায় নেই বলে মনে করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিবেদিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2017, 04:49 PM

Updated : 19 Aug 2022, 06:13 PM

বুধবার সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে সভাপতি মোতাহার হোসেন সংবাদ সম্মেলনে বলেন, “প্রশ্ন সরকার করে না। উপজেলা পর্যায়ে স্কুল ওয়ারি প্রশ্ন হয়, তাই দায় সরকারের না। প্রশ্ন কেমনে কিভাবে আউট হয় আমরা জানি না।”

তবে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে বৈঠকে সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি।

গত কয়েক বছর ধরেই বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবর সংবাদ মাধ্যমে এলেও এবার এর ব্যাপকতা পৌঁছেছে প্রাথমিক স্তরে।

শিক্ষা মন্ত্রণালয়ের নানা উদ্যোগের পরও অষ্টম ও পঞ্চমের সমাপনীর অনেক বিষয়ের প্রশ্ন পরীক্ষা শুরুর আগেই চলে আসে সামাজিক যোগাযোগের মাধ্যমে। সবশেষ নাটোর, মুন্সীগঞ্জ ও বরগুনার বেতাগীতে প্রথম থেকে চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবর এসেছে।

গত ১২ ডিসেম্বর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় মুন্সীগঞ্জ সদরের ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা হয়নি।

এরপর ১৬ ডিসেম্বর বরগুনার বেতাগী উপজেলায় দ্বিতীয় শ্রেণির প্রশ্ন ফাঁসের খবর আসে গণমাধ্যমে। এ ঘটনায় উপজেলার ১৪০টি স্কুলে সব শ্রেণির পরদিনের গণিত পরীক্ষা বাতিল করা হয়।

বরগুনার ঘটনার দুই দিনের মাথায় (১৮ ডিসেম্বর) নাটোরের সদর উপজেলায় প্রথম ও চতুর্থ শ্রেণির গণিত পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ আসার পর ওইদিনের পরীক্ষা বাতিল করা হয়। 

সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংসদীয় কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন বলেন, “প্রাথমিকের প্রথম থেকে চতুর্থ শ্রেণির প্রশ্ন করে স্থানীয় শিক্ষক সমিতি। এখানে সরকার বা মন্ত্রণালয়ের হাত নেই। তারপরেও পরীক্ষা বন্ধ করায় তাদের ধন্যবাদ জানাই।”

কমিটির আরেক সদস্য উম্মে রাজিয়া কাজল সংবাদ সম্মেলনে বলেন, “বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁস হচ্ছে। উপরের লেভেলেও প্রশ্ন ফাঁস হয়েছে। এর প্রভাব নীচেও পড়ছে।”

প্রশ্ন ফাঁস বন্ধের সব উদ্যোগ ব্যর্থ হওয়ায় সম্প্রতি অসহায়ত্ব ঝরেছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কণ্ঠে। কিছু শিক্ষকের কারণেই প্রশ্ন ফাঁস হচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন।

গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ের অনিয়ম-দুর্নীতি বন্ধে সচিবালয়ে দুদকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী বলেন, “প্রশ্নপত্র ফাঁস রোধে আমাদের কাছে বহু পরামর্শ আসছে। এর মধ্যে পরীক্ষার আধা ঘণ্টা আগে শিক্ষার্থীরা হলে প্রবেশ করার পর প্রশ্নপত্র পাঠানোর বিষয়টিও আলোচনা হচ্ছে।

“তবে শিক্ষকই যখন প্রশ্ন ফাঁসকারী, তখন আধা ঘণ্টা আগে প্রশ্ন পাঠিয়ে কী লাভ?”

পুরনো খবর:

নাটোরে প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল
প্রশ্ন ফাঁস, মুন্সীগঞ্জে গ্রেপ্তার ৯
মুন্সীগঞ্জে প্রশ্ন ‘ফাঁসের’ পর ১১৩ স্কুলে পরীক্ষা বন্ধ
প্রশ্ন ফাঁস: নাহিদের কণ্ঠে অসহায়ত্ব
প্রাথমিক সমাপনীর প্রশ্নও ফাঁস