২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নাটোর সদর উপজেলায় প্রথম ও চতুর্থ শ্রেণির গণিত পরীক্ষা বাতিল করেছে জেলা প্রশাসন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2017, 01:53 PM

Updated : 12 Apr 2022, 12:56 AM

ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, সোমবার সকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় পরীক্ষা শুরুর পর প্রথম ও চতুর্থ শ্রেণির গণিত বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের এই অভিযোগ আসে।

“অভিযোগের ভিত্তিতে সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর এই দুটি পরীক্ষা বাতিল করা হয়।”

সদর উপজেলায় মোট ১০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে জানিয়ে তিনি বলেন, পরীক্ষা শুরুর সময় আগদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি সাদা কাগজে হাতে লেখা প্রশ্নপত্র পাওয়া যায়।

“পরে ওই প্রশ্নপত্রের সঙ্গে প্রকৃত প্রশ্নপত্রের অনেকাংশে মিল পাওয়া গেছে।”

এসব বিদ্যালয়ে সাড়ে চার হাজার পরীক্ষার্থী রয়েছে জানিয়ে তিনি বলেন, পরে নতুন প্রশ্নপত্রে এসব পরীক্ষা নেওয়া হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক শাহিনা খাতুন বলেন, ঘটনা তদন্তে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম ভুঁইয়ার নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।