অটোরিকশাগুলোর মেয়াদ ৬ মাস বাড়াতে সুপারিশ
ঢাকা ও চট্টগ্রামে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার মেয়াদ আপাতত ছয় মাস বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ( বিআরটিএ)।
গত ১১ ডিসেম্বর এ সংক্রান্ত একটি চিঠি সড়ক বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।
বিআরটির চেয়ারম্যান মো. মশিয়ার রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে বুয়েটের পরীক্ষার ফলাফল আসতে সময় লাগবে বলে অটোরিকশাগুলোর মেয়াদ আরও ছয় মাস বাড়াতে অনুরোধ করা হয়।
ঢাকার ও চট্টগ্রামের ৮ হাজারের মতো অটোরিকশার মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। এগুলোর ‘ইকোনমিক লাইফ’ ১৫ বছরের অতিরিক্ত কত বছর বাড়ানো যায়, তা জানতে বুয়েটের মতামত চাওয়া হয়েছে।
মেয়াদ বাড়ানো গেলে অটোরিকশার ইঞ্জিন ও সিলিন্ডার প্রতিস্থাপনসহ অন্যান্য কী কী শর্ত পূরণ করা লাগবে, প্রতিস্থাপনযোগ্য ইঞ্জিন এবং অন্যান্য অংশের কারিগরি পরীক্ষা, নতুন গাড়ি আমদানি খরচ এবং পুরনো অটোরিকশার আয়ুষ্কাল বাড়ানো গেলে তার মেরামত খরচের তুলনামূলক পর্যালোচনাও করতে হবে।
এসব বিষয়ে বুয়েটের মতামত চেয়েছে বিআরটিএ; বুয়েট এজন্য ছয় থেকে আট সপ্তাহ সময় চেয়েছে বলে মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে।
বিআরটিএর পরিচালক (কারিগরি) মো. নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুয়েটের প্রক্রিয়াটি শেষ করতে সময় লাগবে বলেই সময় বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
“মন্ত্রণালয় আমাদের বলেছে বুয়েট থেকে এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে তাদেরকে জানাতে। আমরা এ বিষয়ে বুয়েটে চিঠি লিখেছি। বুয়েট আমাদের বলেছে, অটোরিকশা পরীক্ষার সবগুলো পর্যায় শেষ করে আমাদের চিঠি দিতে আট সপ্তাহ সময় লাগবে।”
“আট সপ্তাহ লাগলে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত থাকা অটোরিকশাগুলোর মেয়াদ শেষ হয়ে যাবে। এজন্য আমরা একটা অন্তর্বর্তীকালীন সময় চেয়েছি।”
বিআরটিএ বলেছে, ঢাকায় ২০০২ মডেলের ৫ হাজার ৬৬১টি এবং চট্টগ্রামে ২ হাজার ৮৬০টি অটোরিকশা চলাচল করছে। এই ৮ হাজার ৪২১টি ফোর স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার ‘ইকোনমিক লাইফ’ আগামী ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। একই সময় এসব অটোরিকশার রুট পারমিট এবং ফিটনেসের মেয়াদও শেষ হচ্ছে। ১৫ বছর সময়সীমার পর এসব অটোরিকশা রাস্তায় চলাচল করতে পারবে না। এ অবস্থায় অটোরিকশাগুলো আপাতত আগামী ৬ মাসের জন্য ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচল করতে দেওয়া আবশ্যক।
ঢাকার এই অটোরিকশার অধিকাংশেরই মেয়াদ ফুরিয়ে যাচ্ছে
বিআরটিএর চিঠির বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখি কী করা যায়। এখনও কোনো সিদ্ধান্ত দিইনি।”
এদিকে বিআরটিএর সময় বাড়ানোর সুপারিশে ক্ষোভ জানিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা।
বাংলাদেশ সিএনজি অটোরিকশা, অটোটেম্পু পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি গোলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘মালিকদের স্বার্থে’ কাজ করছে বিআরটিএ।
“বিআরটিএ-সরকার সবাই হল গাড়ির মালিক। যে কারণে বাতাস ওই দিকেই বয়, আমাদের এইদিকে বয় না। এভাবে ছয় মাস, এক বছর যেভাবে পারে মেয়াদ বাড়িয়ে নিবে।”
২০১০ সালে অটোরিকশার বয়সসীমা বাড়ানোর আন্দোলন শুরু করেছিল মালিক সমিতি। সরকার দুই দফায় এক বছর করে এসব অটোরিকশার বয়স দুই বছর বাড়ায়। এরপর ২০১৩ সালে বাড়ানো হয় চার বছর।
অটোরিকশা শ্রমিকরা বর্তমান গাড়িগুলোর মেয়াদ না বাড়িয়ে নতুন গাড়ির লাইসেন্স তাদের নামে দেওয়ার দাবি জানিয়ে আসছে।
ফারুক বলেন, “আমাদের পাঁচ হাজার গাড়ির জন্য আমরা কত দেনদরবার করছি, আমাদের ফাইল নড়ে না, ধুলা জমে। অথচ মালিকদের স্বার্থের কিছু হলে ফাইল বাতাসের আগে চলে।”
ঢাকায় ২০০২ সালে সাড়ে পাঁচ হাজার এবং ২০০৩ সালে আরও সাড়ে ৭ হাজার অটোরিকশার নিবন্ধন দেওয়া হয়। এছাড়া মিশুকের প্রতিস্থাপন হিসেবে আরও ৬৫২টি অটোরিকশার নিবন্ধন দেওয়া হয়। অটোরিকশাগুলোর বয়সসীমা ধরা হয় নয় বছর।
২০১১ সালের ডিসেম্বরে সাড়ে পাঁচ হাজার এবং ২০১২ সালের ডিসেম্বরে সাড়ে ৭ হাজার অটোরিকশার বয়স শেষ হয়।
একইভাবে চট্টগ্রামেও ১৩ হাজার অটোরিকশার নিবন্ধন দেওয়া হয়। এরমধ্যে ২ হাজার হাজার ৮৬০টি অটোরিকশার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর।
