২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়াদোত্তীর্ণ অটোরিকশাগুলো ‘চলন্ত বোমা’, প্রতিস্থাপনের দাবি

মেয়াদোত্তীর্ণ অটোরিকশা একেকটি ‘চলন্ত বোমা’ জানিয়ে এগুলোর মেয়াদ বৃদ্ধির পক্ষে মত না দিতে বুয়েটের যন্ত্রকৌশল বিভাগে স্মারকলিপি দিয়েছেন চালকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2017, 09:02 PM

Updated : 19 Aug 2022, 06:06 PM

রোববার বুয়েটের সামনে অবস্থান ধর্মঘটের পর বেলা ১২টার দিকে যন্ত্রকৌশল বিভাগের প্রধানের কাছে স্মারকলিপি নিয়ে যান ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।

বেলা ১১টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘটের ঘোষণা থাকলেও পুলিশের বাধায় সেখানে অবস্থান নিতে পারেননি অটোরিকশা শ্রমিকরা। সেখান থেকে বুয়েটের প্রধান ফটকের সামনে গিয়ে কর্মসূচি পালন করেন তারা।

অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের নেতারা অভিযোগ করেন, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে মেয়াদোত্তীর্ণ সিএনজিচালিত অটোরিকশার মেয়াদ আবার বাড়ানোর পাঁয়তারা করছে মালিক সমিতি। এ বিষয়ে ইতোমধ্যে যোগাযোগ মন্ত্রণালয়ে আবেদন পাঠিয়েছেন তারা।

শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক সাখাওয়াত হোসেন দুলাল বলেন, ঢাকা ও চট্টগ্রামের অটোরিকশাগুলোর মেয়াদ কয়েক দফা বাড়িয়ে নয় বছর থেকে ১৫ বছর করা হয়েছে। এখন আবার এগুলোর মেয়াদ বাড়ানোর চেষ্টা চলছে।

এসব অটোরিকশা প্রায়ই দুর্ঘটনায় পড়ছে জানিয়ে তিনি বলেন, “অটোরিকশাগুলো একেকটা চলন্ত বোমার আকার ধারণ করেছে। এগুলো প্রায়ই দুর্ঘটনায় পড়ছে। এরমধ্যে কয়েকটি অ্যাকসিডেন্টে মানুষও মারা গেছে। আহত হয়েছে অনেকে।

“এ কারণে আমরা এসব পুরোনো অটোরিকশা চালাতে চাই না। সরকারের কাছে দাবি জানাই, এসব অটোরিকশার মেয়াদ যেন আর বাড়ানো না হয়।”

Image
অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গত বছর মে মাসে ঢাকায় বাবা-ছেলে দগ্ধ হন, পরের মাসে চট্টগ্রামে এক চালক নিহত ও তার দুই যাত্রী দগ্ধ হয়েছিলেন।

অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গত বছর মে মাসে ঢাকায় বাবা-ছেলে দগ্ধ হন, পরের মাসে চট্টগ্রামে এক চালক নিহত ও তার দুই যাত্রী দগ্ধ হয়েছিলেন।

অটোরিকশাগুলোকে ‘চলন্ত বোমা’ বলার কারণ ব্যাখ্যা করে সাখাওয়াত হোসেন দুলাল বলেন, মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার দিয়েই এগুলো চলছে। যে কোনো সময় বিস্ফোরণ ঘটে প্রাণহানি ঘটতে পারে।

“সিলিন্ডারগুলো পাল্টানো হয়নি। আর এখন বাজারে এসব অটোরিকশার গ্যাস সিলিন্ডার পাওয়াও যায় না। নতুন যেসব অটোরিকশা বাজারে আছে সেগুলো এসব অটোরিকশার চেয়ে আকারে ভিন্ন।”

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী মেয়াদোত্তীর্ণ অটোরিকশা অপসারণ করে নতুন অটোরিকশা প্রতিস্থাপনসহ আট দফা দাবিতে ধর্মঘটসহ এক মাসের কর্মসূচি পালন করছে অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ।

ঢাকা ও চট্টগ্রামে আগামী ২৭ ডিসেম্বর থেকে ৪৮ ঘণ্টা ধর্মঘটের কর্মসূচি রয়েছে তাদের। এরপরও দাবি পূরণ না হলে ১৫ জানুয়ারি থেকে দুই মহানগরে লাগাতার ধর্মঘটের হুমকি দিয়েছে তারা।

গত ১৫ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব কর্মসূচি ঘোষণা করে ঐক্য পরিষদ।  ঘোষিত কর্মসূচি অনুযায়ী ১০ ডিসেম্বর বিআরটিএ ঘেরাওয়ের কথা রয়েছে তাদের।

ঐক্য পরিষদের আট দফা

>> ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচল করা মেয়াদোত্তীর্ণ অটোরিকশা অপসারণ করে নতুন অটোরিকশা প্রতিস্থাপন

>> ঢাকায় চালকদের নামে পাঁচ হাজার এবং চট্টগ্রামে চার হাজার অটোরিকশা বিতরণ

>> উবার, পাঠাওয়ের মতো অ্যাপনির্ভর পরিবহন সেবা বন্ধ করা

>> খসড়া পরিবহন আইন থেকে ‘শ্রমিক স্বার্থবিরোধী’ ধারা বাতিল

>> ড্রাইভিং লাইসেন্স নবায়নে ব্যবহারিক পরীক্ষা বন্ধ করা

>> অননুমোদিত পার্কিংয়ের জন্য মামলা না করা

>> চালকদের ‘হয়রানি’ বন্ধ করা

>> নিবন্ধিত অটোরিকশা চালকদের ঢাকা জেলার সব জায়গায় চলাচলের অনুমতি দেওয়া

পুরনো খবর:

সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে বাবা-ছেলে দগ্ধ
অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে চালকের মৃত্যু, ২ যাত্রী দগ্ধ