অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে চালকের মৃত্যু, ২ যাত্রী দগ্ধ
চট্টগ্রামের পাঁচলাইশ থানার বেবি সুপার মার্কেট এলাকায় অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই যাত্রী।
শুক্রবার বিকাল ৪টার দিকে এ ঘটনায় নিহত চালকের পরিচয় জানা যায়নি।
আহত দুই যাত্রী হলেন, আব্দুল আমিন (৫৫) ও আব্দুর রহমান (২২)। তারা সম্পর্কে বাবা-ছেলে।
পাঁচলাইশ থানার এসআই নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অটোরিকশাটি অক্সিজেনের দিকে যাচ্ছিল। বেবি সুপার মার্কেটের সামনে পৌঁছুলে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরিত হয়।
“এতে গাড়িটিতে আগুন ধরে যায়। ওই অবস্থাতেই অটোরিকশাটি ১০-১৫ গজ টেনে নিয়ে সড়কের ডান পাশে একটি খালি জায়গায় থামানোর চেষ্টা করেন চালক।”
এসআই নুরুল ইসলাম আরও বলেন, অটোরিকশাটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেলে আগুন আরও বেড়ে যায়। এ সময় দুই যাত্রী কোনোরকমে নেমে পড়তে সক্ষম হলেও চালক আটকা পড়েন।
এ সময় স্থানীয়রা এগিয়ে এলেও আগুনের কারণে চালককে বের করা সম্ভব হয়নি।
আহত দুই জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আহত আব্দুর রহমান আনসার সদস্য।
চিকিৎসকের বরাত দিয়ে এসআই নুরুল ইসলাম জানান, “তাদের দুই জনের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তারা কথা বলতে পারছে না।”
চালকের লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
