২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা ছিনতাইকারীর কবলে, কোল থেকে পড়ে প্রাণ গেল শিশুর

এক সন্তানের চিকিৎসার জন্য ঢাকায় এসে ছিনতাইকারীর কবলে পড়ে আরেক সন্তানকে হারিয়েছেন শরীয়তপুরের এক মা।

কামাল তালুকদার

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2017, 12:54 PM

Updated : 11 Oct 2022, 02:51 PM

আকলিমা নামের ওই নারী স্বামীর সঙ্গে সোমবার ভোরের দিকে সদরঘাটে নেমে পাঁচ মাসের ছেলে আরাফাতকে কোলে নিয়ে রিকশায় করে যাচ্ছিলেন শনির আখড়ায় বোনের বাসায়।

ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নুরুল আমিন জানান, দয়াগঞ্জ রেল লাইনের পূর্ব পাশে এক ছিনতাইকারী টান দিয়ে রিকশাআরোহী আকলিমার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। চলন্ত রিকশায় ওই হেঁচকা টানে বেসামাল হয়ে পড়েন আকলিমা, তার কোল থেকে পড়ে যায় আরাফাত।   

শিশুটিকে তখনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছিলেন তাদের বাবা-মা। কিন্তু কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশুটির মাথা ও নাকে মুখে জখম ছিল। হাসপাতালে আনার পরপরই তাকে মৃত ঘোষণা করা হয়েছে।”

আকলিমা হাসপাতালে সাংবাদিকদের জানান, তাদের বাড়ি শরীয়তপুর সদর উপজেলায়। তাদের পাঁচ বছর বয়সী বড় ছেলে আল আমিন বেশ কিছুদিন ধরে অসুস্থ। তাকে চিকিৎসক দেখাতেই সকালে তারা চারজন ঢাকায় আসেন।

শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ১০টার দিকে ঈদগাঁ ফেরি ঘাট থেকে ময়ূর-২ লঞ্চে উঠে ভোরে সদরঘাটে নামেন তারা। এরপর রিকশা ভাড়া করে স্ত্রীর বড় বোন মাকসুদার শনির আখড়ার বাসায় যাচ্ছিলেন।

তিনি বলেন, দয়াগঞ্জে রেললাইন পেরিয়ে যাওয়ার পর রাস্তায় ২৫-৩০ বছর বয়সী এক যুবককে দেখেন। সেই যুবকই রিকশার পেছন থেকে এসে তার স্ত্রীর ব্যাগ ধরে টান দিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। হেঁচকা টানে কোল থেকে ছিটকে পরে আরাফাত, আকলিমাও রিকশা থেকে পড়ে যান।

ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার নুরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দয়াগঞ্জে ঘটনাস্থলে একাধিক ছিনতাইকারী ছিল বলে তাদের ধারণা। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।

মঙ্গলবার বড় ছেলে আল আমিনকে শ্যামলীর শিশু হাসপাতালে নেওয়ার কথা ছিল বলে জানান শাহ আলম।

শিশু সন্তানকে হারিয়ে সারাদিন ঢাকা মেডিকেল কলেজ মর্গের সামনের ছোট্ট ঘরে বিলাপ করে কাটিয়েছেন আকলিমা ও তার স্বামী শাহ আলম। খবর শুনে তাদের অনেক স্বজনই ছুটে আসেন হাসপাতালে।

Image
আরাফাতের মা আকলিমা

আরাফাতের মা আকলিমা

আকলিমার বোন মাকসুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকাল হয়ে গেল, একটু পানিও খাচ্ছে না দুজনের একজনও।”

শাহ আলম সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিয়ে গেলেও আকলিমা ছিলেন কখনও উদাস চোখে তাকিয়ে, কখনওবা বিলাপে।

শরীয়তপুরের সখিপুর থানার বাসিন্দা শাহ আলম এক প্রশ্নের জবাবে বলেন, নিজে পড়াশোনা বেশি না করার কারণে ছেলেদের লেখাপড়া করানোই ছিল তার লক্ষ্য।

কৃষি কাজ ও দিনমজুরি করে সংসার চালানো এই ব্যক্তি বলেন, “নিজের যত কষ্ট হোক ভেবেছি, দুটি সন্তানকে পড়াশুনা করাব। আমার মতো অশিক্ষিত রাখব না এদের। কিন্তু এভাবে চলে যাবে……...”

রাতেও কোলাহলমুখর, ছিনতাই নীরব ভোরে

ভোরে রাজধানীর যে স্থানটিতে ছিনতাইকারীর কবলে পড়ে নিচের কোলের শিশু সন্তানকে হারান আকলিমা, সেই স্থানে রাতে গিয়ে দেখা গেল অন্যরকম চিত্র।

আশপাশে উঁচু ভবন নিয়ে দয়াগঞ্জের এই সড়কটিতে অগুনতি যানবাহনের হর্ন আর আলোর সঙ্গে বহু মানুষকে হাঁটা-চলা করতে দেখা গেছে।

স্থানীয়রা বলছেন, ভোরের পর এই সড়কটেই থাকে অনেক নীরব। তখন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও থাকেন না, ওই সময়ই ঘটে ছিনতাইয়ের ঘটনা।

সোমবার ভোরে দয়াগঞ্জ চৌরাস্তার পূর্বপাশে ছিনতাইকারী কবলে পড়েন রিকশারোহী আকলিমা ও তার স্বামী শাহ আলম গাজী।

সকালের ঘটনার পর রাতে সেখানে গিয়ে দেখা যায়, রাস্তার আশপাশে উঁচু উঁচু অসংখ্য ভবন। দোকান,আবাসিক ভবন, হাসপাতাল রয়েছে এর মধ্যে।

রাতের কোলাহল দেখে বোঝার উপায় নেই যে সকালে এই স্থানেই ছিনতাইকারী কবলে পড়ে এক নারী তার শিশু সন্তানকে হারিয়েছে এবং ছিনতাইকারীরাও নির্বিঘ্নে পালিয়েছে।

তারা মিয়া নামে মধ্য বয়সী এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানে সকাল ৮টার আগে তেমন মানুষ দেখা যায় না। তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে লেগে যায় যানজট।”

বিল্লাল হোসেন নামে আরেক ব্যক্তি বলেন, পাশে নামাপাড়া বস্তি আছে। সেখানে থেকেই কেউ কেউ এখানে ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটায়।

“কয়েকজন মিলের রাস্তায় কারও গতিরোধ করে ছিনতাইয়ের ঘটনা এখানে তেমন ঘটে না। তবে ব্যাগ টান দিয়ে দৌড় দেওয়ার ঘটনা প্রায়ই ঘটে।”

Image
দয়াগঞ্জে এই সড়কেই ঘটে ছিনতাইয়ের ঘটনাটি

দয়াগঞ্জে এই সড়কেই ঘটে ছিনতাইয়ের ঘটনাটি

রাস্তায় পুলিশ থাকে কি না- জানতে চাইলে তিনি বলেন, “দয়াগঞ্জ মোড়টি গেণ্ডারিয়া থানায় আর রেললাইনের পূর্বপাশ যাত্রাবাড়ী থানায় পড়েছে। দুই থানার মধ্যস্থল হওয়ায় তেমন পুলিশ দেখা যায় না ভোরে।”

নিহত আরাফাতের বাবা শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা যখন চৌরাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন রাস্তায় কোনো পুলিশ বা পুলিশের গাড়ি দেখেননি।

রেললাইন পেরিয়ে যাওয়ার পর রাস্তায় ২৫-৩০ বছর বয়সী এক যুবককে দেখেন। সেই যুবকই রিকশার পেছন থেকে এসে তার স্ত্রীর ব্যাগ ধরে টান দিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়।

পুলিশের তৎপরতা না থাকার অভিযোগ অস্বীকার করেছেন দুই থানার ওসি।

যাত্রাবাড়ী থানার ওসি আনিচুর রহমান বলেন, “ওই রাস্তা দিয়ে সব সময় পুলিশ টহল দেয়। আজও  ছিল। কিন্তু দুর্ঘটনাটি ত্বরিত ঘটে যায়।”

গেণ্ডারিয়ার ওসি মিজানুর রহমান বলেন, “দয়াগঞ্জ চৌরাস্তা আমাদের সীমানায়। সেখানে সব সময় একটি টহল দল থাকে।

“ঘটনাটি আমার থানা এলাকায় না হলেও ঘটনার সময় ঠিকমতো চৌরাস্তায় অবস্থান না করায় ডিসি স্যার এক এসআইকে প্রত্যাহার করেছেন।”

ডিএমপির ডেমরা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইফতেখারুল আলম বলেন, পুলিশের চারটি দল ছিনতাইকারীদের ধরতে কাজে নেমেছে।

যাত্রাবাড়ী থানার এসআই  নয়ন কারকুন বলেন, এই ঘটনায় একটি মামলা হচ্ছে।